Logo

মেসির টানে হু হু করে বাড়ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ টিকিটের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৭:০৮
মেসির টানে হু হু করে বাড়ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ টিকিটের দাম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে চার ফুটবল পরাশক্তির লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে শুধু মাঠেই নয়, টিকিটের বাজারেও দেখা যাচ্ছে তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা অন্য সেমিফাইনালের তুলনায় অনেক বেশি বেড়েছে।

বিজ্ঞাপন

টিকিট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটাডটকম-এর তথ্য অনুযায়ী, সোমবার (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) পর্যন্ত ডালাসে অনুষ্ঠিতব্য স্পেন-ফ্রান্স সেমিফাইনালের একটি টিকিটের গড় মূল্য ছিল ১ হাজার ৩২৫ মার্কিন ডলার। গত তিন দিনে এই ম্যাচের টিকিটের দাম প্রায় ২৬ শতাংশ কমেছে।

অন্যদিকে, বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটের গড় মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪১ মার্কিন ডলারে। মাত্র তিন দিনের ব্যবধানে এর দাম বেড়েছে ৩৪ শতাংশ। শনিবার এই ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য উঠেছিল ২ হাজার ৯৬৬ ডলারে। পরে কিছুটা কমলেও আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জনপ্রিয়তা এবং লিওনেল মেসির উপস্থিতিই টিকিটের চাহিদা ও মূল্য বৃদ্ধির প্রধান কারণ। পাশাপাশি মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডকে ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের বড় উপস্থিতিও এ আগ্রহ বাড়াতে ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, শনিবার মিয়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের গড় মূল্য ১ হাজার ৫৪৩ মার্কিন ডলার, যা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের তুলনায় প্রায় অর্ধেক।

সবচেয়ে বেশি মূল্য রয়েছে বিশ্বকাপ ফাইনালের টিকিটে। রোববার নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের একটি টিকিটের বর্তমান গড় মূল্য ৬ হাজার ৭৬০ মার্কিন ডলার। যদিও গত ৭২ ঘণ্টায় এই টিকিটের দাম প্রায় ৬ শতাংশ কমেছে। গত অক্টোবরে একই ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য উঠেছিল ১৩ হাজার ৬৫০ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

এদিকে শেষ মুহূর্তে ফিফা ক্যাটাগরি-২ এর আরও প্রায় ১ হাজার ২০০টি টিকিট বিক্রির জন্য ছেড়েছে, যার প্রতিটির মূল্য ৭ হাজার ৩৮০ মার্কিন ডলার। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফাইনালের জন্য স্টেডিয়ামের ওপরের গ্যালারির পাঁচটি সেকশনে মোট ১ হাজার ১৭৮টি আসন এখনো বিক্রির জন্য উন্মুক্ত রয়েছে।

বিশ্বকাপের শেষ চারকে ঘিরে মাঠের লড়াই যেমন উত্তপ্ত, তেমনি টিকিটের বাজারেও চলছে দামের লড়াই। আর সেই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD