জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরে ব্যাটিং ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো পরাজয় দিয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩২ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।
বিজ্ঞাপন
বুধবার বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ১৯ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায়।
শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও বোলারদের ওপর চাপ তৈরি করে জিম্বাবুয়ের ওপেনাররা। প্রথম তিন ওভারে ৩৬ রান তুলে দারুণ সূচনা করে স্বাগতিকরা। পরে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে কিছুটা ম্যাচে ফেরে বাংলাদেশ।
নাহিদ রানা ২৬ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন। তবে শেষ ওভারে ১৮ রান দিয়ে ফেলায় স্বাগতিকদের সংগ্রহ পৌঁছে যায় ১৭০ রানে। জিম্বাবুয়ের হয়ে ব্রায়ান বেনেট ৪৪, রায়ান বার্ল অপরাজিত ৩০ এবং ব্র্যাড ইভান্স ১০ বলে অপরাজিত ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদ রানা চারটি এবং মোহাম্মদ সাইফ উদ্দিন দুটি উইকেট শিকার করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ১২ ও তানজিদ হাসান ১৬ রান করে বিদায় নেন। এরপর পারভেজ হোসেন ইমন ৫, অধিনায়ক তাওহীদ হৃদয় ১৪ এবং নুরুল হাসান সোহান ৩ রান করে আউট হলে বড় চাপে পড়ে সফরকারীরা।
একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলেন তিন বছর পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলি রাব্বি। ৩৩ বলে নিজের প্রথম টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। শেখ মেহেদী হাসানের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে লড়াইয়ের আশা জাগালেও শেষদিকে রিচার্ড এনগারাভার জোড়া আঘাতে সেই সম্ভাবনার ইতি ঘটে। একই ওভারে ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে দেন এই বাঁহাতি পেসার।
বিজ্ঞাপন
ফলে ৩২ রানের পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ।








