Logo

বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয়

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১৮:৪৪
বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয়
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন (১ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার আয় করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা। টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রাকেও উল্লেখযোগ্য ব্যবধানে ছাড়িয়ে গেছে এই আয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) ফিফার সদস্য দেশগুলোর কাছে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে এই আয়ের তথ্য তুলে ধরেন। বিশ্বকাপ শুরুর আগে ফিফার লক্ষ্য ছিল ১১ বিলিয়ন (১ হাজার ১০০ কোটি) ডলার আয়। তবে টুর্নামেন্ট শেষে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন ডলারে।

প্রতিবেদন অনুযায়ী, ফিফার আয়ের বড় অংশ এসেছে হসপিটালিটি প্যাকেজ এবং টিকিটের সেকেন্ডারি মার্কেট বা পুনর্বিক্রয় থেকে। এ বাজারে টিকিট কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের কাছ থেকেই ১৫ শতাংশ করে, মোট ৩০ শতাংশ কমিশন নেয় ফিফা।

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের আগের দিনও ফিফার অফিসিয়াল প্ল্যাটফর্মে ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের টিকিট বিক্রি হচ্ছিল। সেখানে ‘ট্রফি লাউঞ্জ’-এর একটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ টাকার সমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্বকাপ চলাকালে বিভিন্ন বিতর্কের মুখোমুখি হলেও এই বিপুল আয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও ফিফা দাবি করেছে, বিষয়টি তাদের স্বাধীন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ছিল।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ থেকে বাড়তি আয় হওয়ায় সদস্য দেশগুলোও বেশি আর্থিক সহায়তা পাবে। ফলে ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সম্ভাবনাও আরও জোরালো হয়েছে। ইতোমধ্যে ২০০টির বেশি সদস্য দেশের সমর্থন তিনি পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এই আর্থিক সাফল্যের পর যুক্তরাষ্ট্র আবারও এককভাবে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার (১৭ জুলাই) এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হলে এবার তারা কানাডা ও মেক্সিকোকে ছাড়াই এককভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চায়।

বর্তমানে ২০৩৮ সালের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে নজর রাখছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ এককভাবে আয়োজনের বিষয়েও ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD