Logo

যে মাঠে বিদায় বলেছিলেন, সেখানেই কি বিশ্বকাপ ছুঁবেন মেসি?

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ২১:৩৩
যে মাঠে  বিদায় বলেছিলেন, সেখানেই কি বিশ্বকাপ ছুঁবেন মেসি?
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপার এই মহারণ শুধু দুই দলের জন্যই নয়, লিওনেল মেসির ক্যারিয়ারেও বহন করছে বিশেষ তাৎপর্য। কারণ, প্রায় এক দশক আগে এই স্টেডিয়ামেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার সেই একই মাঠে বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে নামছেন তিনি।

বিজ্ঞাপন

২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। এর আগে ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ কোপা আমেরিকার ফাইনালেও পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল দলটির।

টানা তিনটি বড় ফাইনালে হার এবং সেই ম্যাচে নিজের পেনাল্টি মিস করার হতাশা থেকে আবেগপ্রবণ হয়ে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেন মেসি। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, জাতীয় দলের সঙ্গে তার পথচলা শেষ। মাত্র ২৯ বছর বয়সে এমন সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে ব্যাপক আলোড়ন তোলে।

তবে সেই বিদায় স্থায়ী হয়নি। দেশজুড়ে সমর্থক, সতীর্থ ও ফুটবল সংশ্লিষ্টদের অনুরোধে মাত্র দুই মাস পরই অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসেন মেসি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে মূল পর্বে তুললেও রাশিয়া বিশ্বকাপে দলটি শেষ ষোলো থেকেই বিদায় নেয়।

লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর বদলে যায় আর্জেন্টিনার ভাগ্য। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটায় আলবিসেলেস্তেরা।

বিজ্ঞাপন

এরপর ২০২২ কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০২৪ সালে আরও একটি কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করে দলটি।

এবার ইতিহাস যেন আবারও মেটলাইফ স্টেডিয়ামে ফিরে এসেছে। যে মাঠে একসময় চোখের জলে বিদায় বলেছিলেন লিওনেল মেসি, সেই মাঠেই তার সামনে রয়েছে আরেকটি বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD