বেঞ্চে লাউতারো, স্কালোনির সিদ্ধান্তই কি ডুবিয়েছে আর্জেন্টিনাকে?

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন লাউতারো মার্তিনেজ। অথচ স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে সেই লাউতারোকে এক মিনিটের জন্যও মাঠে নামাননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার পরাজয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এই সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে বিশ্বকাপ জিতে নেয় স্পেন। পুরো ম্যাচে স্কালোনি তার নির্ধারিত ছয়টি পরিবর্তনের সুযোগই ব্যবহার করেন। তবে ইন্টার মিলানের এই স্ট্রাইকারকে একবারও মাঠে নামানোর প্রয়োজন মনে করেননি। অথচ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে জয়ের পাশাপাশি ফাইনালের টিকিট এনে দিয়েছিলেন লাউতারো।
ফাইনালে স্কালোনি আক্রমণে শুরু থেকেই লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজকে খেলান। উইংয়ে ছিলেন নিকোলাস গনসালেস। ম্যাচের বিভিন্ন সময়ে নিকো পাজ, আনহেল কোরেয়া, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, ফাকুন্দো মেদিনা ও লিয়েন্দ্রো পারেদেসকে ব্যবহার করলেও লাউতারো বেঞ্চেই থেকে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গাজ্জেত্তা দেলো স্পোর্তের বিশ্লেষণে বলা হয়েছে, ফাইনালের আগে লাউতারো শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন। তাই তাকে না নামানোর পেছনে চোট নয়, বরং পুরোপুরি কৌশলগত সিদ্ধান্তই কাজ করেছে। স্কালোনি সম্ভবত মনে করেছিলেন, আলভারেজের পরিশ্রমী প্রেসিং এবং গনসালেসের গতি স্পেনের বিপক্ষে বেশি কার্যকর হবে। কিন্তু ম্যাচ যত এগিয়েছে, আর্জেন্টিনা গোলের জন্য মরিয়া হলেও সেমিফাইনালের নায়ককে আর সুযোগ দেননি কোচ।
বিশ্বকাপজুড়ে লাউতারো ছিলেন আর্জেন্টিনার অন্যতম কার্যকর অস্ত্র। নকআউট পর্বে সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেন তিনি। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তার শেষ মুহূর্তের হেডই আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে তোলে।
সেমিফাইনালের পর আবেগঘন প্রতিক্রিয়ায় লাউতারো বলেছিলেন, ‘এই মুহূর্তের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। ফাইনালে ওঠা আমাদের পরিশ্রমের পুরস্কার।’ কিন্তু সেই ফাইনালেই মাঠে নামার সুযোগ না পাওয়াটা তার জন্য ছিল সবচেয়ে বড় হতাশা।
বিজ্ঞাপন
স্কালোনির এই সিদ্ধান্ত ইতোমধ্যেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। অনেক সাবেক ফুটবলার, বিশ্লেষক ও সমর্থকের প্রশ্ন, যখন দল গোলের জন্য মরিয়া হয়ে লড়ছিল, তখন সেমিফাইনালের ম্যাচজয়ী স্ট্রাইকারকে পুরো ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল? অনেকের মতে, এই কৌশলগত সিদ্ধান্তই শেষ পর্যন্ত আর্জেন্টিনার শিরোপা হাতছাড়া হওয়ার অন্যতম কারণ হয়ে থাকতে পারে।








