Logo

‘মেসি আমাকে বিরক্ত করেছিল’, মুখ খুললেন সুইজারল্যান্ড ম্যাচের রেফারি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ জুলাই, ২০২৬, ১৯:৩৯
‘মেসি আমাকে বিরক্ত করেছিল’, মুখ খুললেন সুইজারল্যান্ড ম্যাচের রেফারি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে লিওনেল মেসির সঙ্গে কথোপকথন নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে প্রথমবারের মতো মুখ খুলেছেন ম্যাচের রেফারি হোয়াও পিনেইরা। পর্তুগিজ এই রেফারির ভাষ্য, মেসির আচরণ তাকে কিছুটা বিরক্ত করলেও ফুটবলে এমন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রকাশিত একটি ডাব করা ভিডিওতে দেখা যায়, মেসি রেফারিকে উদ্দেশ করে বলেন, ‘আমার সঙ্গে সম্মানজনকভাবে কথা বলুন। আমি আপনার সঙ্গে ভদ্রভাবেই কথা বলেছি, তাই আমাকে অসম্মান করবেন না।’

এ বিষয়ে পর্তুগালের ক্যানাল-১১-কে দেওয়া সাক্ষাৎকারে পিনেইরা বলেন, মেসি তাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিলেন, তবে অন্য খেলোয়াড়রাও এমনটা করে থাকেন। তার মতে, মাঠে খেলোয়াড় ও রেফারির মধ্যে কথোপকথন খুবই স্বাভাবিক বিষয়। শুধু মেসি বিশ্ব ফুটবলের বড় তারকা হওয়ায় ঘটনাটি বেশি আলোচনায় এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধেই এই ঘটনাটি ঘটে। সে সময় মেসিকে আঙুল উঁচিয়ে রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। সেই জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচটির সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে ঘিরে একটি সিদ্ধান্ত। সুইসদের সমতাসূচক গোলের পর এম্বোলোর ওপর ফাউলের অভিযোগে প্রথমে আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান পিনেইরা। পরে ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে তিনি বুঝতে পারেন, এম্বোলো ফাউলের অভিনয় করেছিলেন। এরপর এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন।

বিজ্ঞাপন

তবে পরে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি জানায়, ওই ঘটনায় ভিএআর প্রোটোকল সঠিকভাবে অনুসরণ করা হয়নি। সংস্থাটির ব্যাখ্যায় বলা হয়, ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর ক্ষেত্রে ভিএআরের মাধ্যমে সংশোধনের সুযোগ থাকলেও মাঠে নেওয়া এমন সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এই প্রোটোকল প্রযোজ্য নয়।

সূত্র: ক্যানাল-১১, আইএফএবি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD