২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যুর তালিকা প্রকাশ করল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এবারের আসর যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। তিনটি দেশের মোট ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আইসিসি জানায়, দক্ষিণ আফ্রিকার আটটি, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার একটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। জোহানেসবার্গে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আয়োজক শহর ও স্টেডিয়ামগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান ক্রিকেট তারকা গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদাসহ জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, শোয়ানের সেঞ্চুরিয়ন, কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, গেবেখার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোমপো সিটির বাফেলো পার্কে।
অন্যদিকে, জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসে নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নামিবিয়ার সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে।
বিজ্ঞাপন
ভেন্যু ঘোষণার পর আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, প্রায় ২৪ বছর পর আফ্রিকা মহাদেশে ওয়ানডে বিশ্বকাপ ফিরে আসছে, যা বিশ্ব ক্রিকেটের জন্য একটি বিশেষ উপলক্ষ। তার আশা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করবে, যা দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং আফ্রিকার বৈচিত্র্য, আতিথেয়তা ও ক্রিকেটপ্রেমকে বিশ্বমঞ্চে তুলে ধরবে।
২০২৭ বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে প্রথমবারের মতো নতুন তিন-স্তরের প্রতিযোগিতা পদ্ধতি অনুসরণ করা হবে। র্যাঙ্কিংয়ের ১২ থেকে ১৪ নম্বরে থাকা তিনটি দল প্রথমে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। সেখান থেকে একটি দল মূল পর্বে জায়গা করে নেবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে ৩০ ম্যাচের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপে ছয়টি করে দল অংশ নেবে এবং রাউন্ড-রবিন ভিত্তিতে একে অপরের মুখোমুখি হবে।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পরবর্তী সেরা দলগুলো সুপার সেভেন পর্বে উন্নীত হবে। এই ধাপে ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
বিজ্ঞাপন
সেমিফাইনালে সুপার সেভেনের শীর্ষ দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে, আর দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা দলের। এরপর দুই সেমিফাইনালের বিজয়ীরা লড়বে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের শিরোপার জন্য।








