Logo

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ১৬:৪৮
যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি
ছবি: সংগৃহীত

ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা এবং দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞাপন

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে সংস্থাটির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে অভিযোগগুলো সম্পৃক্ত।

তদন্ত চলাকালে গত বছরের নভেম্বরে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞাই চূড়ান্ত রায়ে আট বছরের শাস্তিতে পরিণত হয়েছে। তার নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর হিসেবে গণ্য করা হবে, যেদিন তাকে প্রথম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আইসিসি জানিয়েছে, আবুধাবি টি-টেন টুর্নামেন্টের জন্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আইসিসির নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা নিয়োগ করেছিল। ওই কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত তদন্তের ভিত্তিতেই রেড্ডির বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তা প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের রায়ে রেড্ডির বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগের এক বা একাধিক ম্যাচের ফল, গতিপ্রকৃতি কিংবা অন্য কোনো দিক বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা অথবা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রে যুক্ত থাকা।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, তিনি অন্য এক অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছিলেন।

বিজ্ঞাপন

তৃতীয় অভিযোগ অনুযায়ী, দুর্নীতিবিরোধী তদন্ত চলার সময় নিজের মোবাইল ফোন থেকে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলেন রেড্ডি। এর মাধ্যমে তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি করার অভিযোগও প্রমাণিত হয়েছে।

তিনটি অভিযোগেই দোষী সাব্যস্ত হওয়ায় রেড্ডিকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

সূত্র: আইসিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD