নাপোলি ছাড়ছেন লুকাকু, বেলজিয়ামের তারকার নতুন গন্তব্য কোথায়?

নাপোলিতে রোমেলু লুকাকুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির পরিকল্পনায় বেলজিয়ামের এই স্ট্রাইকারের জায়গা নড়বড়ে হয়ে পড়ায় ক্লাব ছাড়ার সম্ভাবনা বাড়ছে। এমন পরিস্থিতিতে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেড।
বিজ্ঞাপন
২০২৪ সালে চেলসি থেকে তিন বছরের চুক্তিতে নাপোলিতে যোগ দেন লুকাকু। প্রথম মৌসুমেই দলের সিরি ‘আ’ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তবে ২০২৫-২৬ মৌসুমে চোটের কারণে লিগে মাত্র পাঁচটি ম্যাচে মাঠে নামতে পেরেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এরই মধ্যে নাপোলির আক্রমণভাগে লুকাকুর জায়গা আরও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে রাসমুস হয়লুন্ড দলে যোগ দেওয়ার পর মূল একাদশে জায়গা পেতে প্রতিযোগিতা বেড়েছে। ফলে বর্তমানে নিয়মিত একাদশে লুকাকুর সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে এসেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্প্রতি লুকাকুর এজেন্টও ইঙ্গিত দিয়েছেন, যেখানে তাকে প্রয়োজনীয় মনে করা হয় না, সেখানে থাকার ইচ্ছা নেই এই ফরোয়ার্ডের।
বেলজিয়ান সাংবাদিক সাশা তাভোলিয়েরির তথ্য অনুযায়ী, লুকাকুকে দলে নিতে আটলান্টা ইউনাইটেডের পক্ষ থেকে জোর চেষ্টা চলছে। দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং নাপোলি ছাড়ার বিষয়ে লুকাকুও নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। তবে আলোচনাটি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।
এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ১ কোটি ইউরোর প্রস্তাব পেলে লুকাকুকে ছেড়ে দিতে রাজি হতে পারে নাপোলি। তবে সম্ভাব্য ক্রেতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তার বেতন।
বিজ্ঞাপন
বর্তমানে নাপোলিতে বছরে প্রায় ৮০ লাখ ইউরো পারিশ্রমিক পান বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুকাকু। ফলে তাকে দলে নিতে ট্রান্সফার ফি’র পাশাপাশি বড় অঙ্কের বেতনও বহন করতে হবে আগ্রহী ক্লাবকে।








