বিশ্বকাপ ফাইনালে হারের ১৩ দিন পর মাঠে ফিরেই মেসির চমক

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি, তবে তার বাঁ পায়ের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
বিজ্ঞাপন
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে হতাশ হয়েছিল আর্জেন্টিনা। সেই পরাজয়ের পর মেসিকেও আবেগাপ্লুত হতে দেখা যায়। তবে ১৩ দিন পর ক্লাব ফুটবলে ফিরে আবারও মাঠে দেখা গেল ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
কলাম্বাস ক্রুর বিপক্ষে ঘরের মাঠ নু স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। ম্যাচের ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। বিশ্বকাপের ষষ্ঠ আসর খেলে ফেরার পর মাঠে পা রাখতেই স্বাগতিক দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান তিনি।
মেসির প্রত্যাবর্তনকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। মাঠে নামার মাত্র তিন মিনিট পরই লুইস সুয়ারেজের কাছ থেকে পেনাল্টি বক্সের ডান দিকে বল পান তিনি। বাঁ পায়ে জোরালো শট নিলেও বলটি কাছের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। গোলের অপেক্ষায় থাকা দর্শকরা মুহূর্তেই হতবাক হয়ে যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মেসির ওই শটটি জালে জড়ালে মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারত। এর আগে প্রথমার্ধে সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকরা দুই গোলের ব্যবধান তৈরি করেছিল। উরুগুয়ের এই তারকার প্রথম শট কলাম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুলটের মাথার ওপর দিয়ে জালে যায়। পরে নোয়াহ অ্যালেনকে দিয়ে দ্বিতীয় গোলটি করান সুয়ারেজ।
তবে বিরতিতে দুই গোলের লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ঘরের মাঠে অভিষেক ম্যাচ খেলতে নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর আত্মঘাতী গোলে ব্যবধান কমায় কলাম্বাস। এরপর ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজ ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। ফলে পূর্ণ তিন পয়েন্ট পাওয়া হয়নি মায়ামির।
বিজ্ঞাপন
মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দে পলও এদিন মায়ামির শুরুর একাদশে ছিলেন। বিশ্বকাপের পর মেসির সঙ্গে তিনিও বিশ্রামে ছিলেন। শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে দুজনই খেলেননি। এমএলএস অলস্টার দলে না খেলায় নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা থেকেও তারা রেহাই পান।
চলতি সপ্তাহে অনুশীলনে ফেরেন মেসি ও দে পল। এর আগে সর্বশেষ গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন মেসি।
ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা নাশভিলে এসসির চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। এখন দলটির নজর লিগস কাপে। আগামী বুধবার নু স্টেডিয়ামে অ্যাতলেটিকো দে সান লুইসের বিপক্ষে খেলবে তারা। এরপর প্রতিযোগিতার নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মন্টেরে ও লিওঁনের মুখোমুখি হবে মেসির দল।








