Logo

৯১ বলে ২৩৩ রান, অভিষেকের ব্যাটে রানের ঝড়

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ১৪:৩০
৯১ বলে ২৩৩ রান, অভিষেকের ব্যাটে রানের ঝড়
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতের বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মার। তবে ফর্মহীনতার মধ্যেই স্থানীয় ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। মাত্র ৯১ বলে ১৫টি চার ও ২৫টি ছক্কার সাহায্যে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক। তার স্ট্রাইক রেট ছিল ২৫৬.০৪।

বিজ্ঞাপন

পাঞ্জাব আন্তঃজেলা ওয়ানডে টুর্নামেন্টে অমৃতসর সিনিয়র দলের হয়ে তরন তারান দলের বিপক্ষে এই দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ম্যাচটির স্কোরকার্ডের ছবি ও অভিষেকের ব্যাটিংয়ের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে অমৃতসর ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

টি-টোয়েন্টি ব্যাটারদের আইসিসি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তৃতীয় স্থানে থাকা অভিষেক বছর শুরু করেছিলেন শীর্ষস্থান থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার ব্যাটে বড় ইনিংসের দেখা মিলছে না। জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে মাত্র ১১ রান করেছেন তিনি, যেখানে ব্যাটিং গড় ছিল ৩.৬৬।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৬.২ গড়ে অভিষেক করেছিলেন ১৩১ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে তার সংগ্রহ ছিল ৪৯ রান, গড় ২৪.৫। সব মিলিয়ে শেষ ১০ টি-টোয়েন্টি ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতক।

শুধু কম রান নয়, অভিষেক যেভাবে উইকেট হারাচ্ছেন সেটিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচেই ব্লেসিং মুজারাবানির বলে আউট হন তিনি। তিনবার ভিন্ন ধরনের শট খেললেও প্রতিবারই অফস্টাম্পের বাইরের গতির বল সামলাতে ব্যর্থ হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেকের ব্যাটিং গড় ছিল ৩৭.০৫ এবং স্ট্রাইক রেট ছিল প্রায় ১৯৫। এরপর তার গড় নেমে এসেছে ১৯.৪-এ, আর স্ট্রাইক রেট কমে দাঁড়িয়েছে ১৬৫-এর কাছাকাছি। এমন অবস্থার মধ্যেই স্থানীয় ক্রিকেটে তার ২৩৩ রানের বিস্ফোরক ইনিংস নতুন করে আলোচনায় এনেছে এই ভারতীয় ব্যাটারকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD