অবসর নাকি নতুন চুক্তি, ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেইমার

সান্তোসে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্যারিয়ার কোন পথে এগোবে, তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আগামী ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি থাকলেও ২০২৭ সালে তিনি খেলবেন, নাকি ফুটবলকে বিদায় জানাবেন—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই ফরোয়ার্ড।
বিজ্ঞাপন
সোমবার নিজের দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। সেখানে তিনি জানান, আপাতত অবসরের চিন্তা নেই। তবে ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত ভাববেন।
নেইমার বলেন, কতদিন ফুটবল চালিয়ে যেতে পারবেন, তা তিনি নিজেও নিশ্চিত নন। এখনই খেলা থামানোর পরিকল্পনা নেই। সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে এবং সেটি যথাযথভাবে শেষ করতে চান তিনি। এরপর সান্তোসে থেকে যাওয়া, অন্য কোনো ক্লাবে যাওয়া কিংবা ফুটবল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে বুধবার রেমোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে সান্তোসের মূল দল সোমবারই বিলেমের উদ্দেশে রওনা দিয়েছে। তবে নিজের দাতব্য প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ব্যস্ত থাকায় দলের সঙ্গে যেতে পারেননি নেইমার।
তবে ম্যাচটির আগে দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। নেইমার জানান, মঙ্গলবার ব্যক্তিগত বিমানে করে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা হবেন এবং ম্যাচের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখবেন।
নিজের শারীরিক অবস্থার বিষয়েও ইতিবাচক কথা বলেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। তিনি জানান, বর্তমানে শারীরিকভাবে ভালো অনুভব করছেন এবং ধীরে ধীরে মাঠে নিজের সেরা ছন্দ ফিরে পাচ্ছেন। রেমোর বিপক্ষে ম্যাচটিকে সান্তোসের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
ফুটবলের বাইরেও নিজের দাতব্য কর্মকাণ্ডকে জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখেন নেইমার। তার মতে, নিজের ভালোবাসা ও বিশ্বাস থেকে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট নেইমার জুনিয়রই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি।








