Logo

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ১৪:২৭
হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাই পারফরম্যান্স কার্যক্রমে ভারতের মডেল অনুসরণ করতে আগ্রহী। এ লক্ষ্যেই বিসিবি সভাপতি তামিম ইকবাল শনিবার ভারতের বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনে যাচ্ছেন। তবে তার এই সফরের সঙ্গে ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরের কোনো সম্পর্ক নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

ব্যক্তিগত সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন তামিম। সেখান থেকে বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে বেঙ্গালুরু যাবেন তিনি। সফরে ভারতের আধুনিক ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখার পাশাপাশি সেন্টার অব এক্সিলেন্সের পরিকল্পনা, নির্মাণ ও পরিচালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন বিসিবির প্রতিনিধিরা।

ঢাকায় একটি আধুনিক সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই রয়েছে বিসিবির। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বেঙ্গালুরু সফরকে দেখা হচ্ছে। প্রতিনিধি দলটি সেন্টারটির পরিচালক ভিভিএস লক্ষ্মণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

সফরে খেলোয়াড় উন্নয়ন, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, পুনর্বাসন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, অ্যানালিটিক্স এবং বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রম কীভাবে একটি কেন্দ্রের আওতায় পরিচালিত হয়, সে বিষয়ে জানবেন বিসিবির কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কয়েক বছর আগে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিবর্তে চালু হওয়া সেন্টার অব এক্সিলেন্স বর্তমানে ভারতের হাই পারফরম্যান্স কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র। বেঙ্গালুরুর উপকণ্ঠে বিস্তৃত এই ক্যাম্পাসে রয়েছে একাধিক ইনডোর ও আউটডোর অনুশীলন উইকেট, আধুনিক প্রশিক্ষণ সুবিধা, পুনর্বাসন ইউনিট, আবাসন এবং বিশেষায়িত গবেষণাগার। পুরুষ, নারী ও জুনিয়র—সব পর্যায়ের ক্রিকেটারদের জন্য এখানে সমন্বিত সুযোগ-সুবিধা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে বিসিবি পৃথক ভেন্যুর ওপর নির্ভর না করে একটি কেন্দ্রীয় হাই পারফরম্যান্স ব্যবস্থা গড়ে তুলতে চায়। এ কারণেই বিশ্বের আধুনিক ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রগুলোর অন্যতম এই প্রতিষ্ঠানটি কাছ থেকে দেখার উদ্যোগ নিয়েছে বোর্ড।

বিজ্ঞাপন

এদিকে আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি থাকলেও সফরটি এখনো চূড়ান্ত হয়নি। কূটনৈতিক পরিস্থিতির কারণে ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে সফরটি। সরকারি সবুজ সংকেত পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

সম্প্রতি তামিম ইকবাল বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ভারত সরকারকে আশ্বস্ত করতে সরকারি পর্যায়ে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি, যাতে বাংলাদেশ সফর আয়োজনের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD