Logo

জাতীয় দলে ফিরতে শামিকে যা করতে হবে, জানালেন আগারকার

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৩:৪৬
জাতীয় দলে ফিরতে শামিকে যা করতে হবে, জানালেন আগারকার
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ শামির ফেরার পথ আরও কঠিন হয়ে উঠেছে। অভিজ্ঞ এই পেসারকে দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি নিজের ফিটনেসেরও প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার।

বিজ্ঞাপন

শামি সর্বশেষ ২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে খেলেছিলেন। টেস্টে তার সর্বশেষ উপস্থিতি ২০২৩ সালে। আর ওয়ানডেতে শেষবার মাঠে নেমেছিলেন গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে।

শুরুতে ফিটনেস সমস্যার কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে যান শামি। তবে গত এক বছরে ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করেও জাতীয় দলে ফেরার সুযোগ পাননি তিনি। শ্রীলঙ্কা সিরিজের আগে জাসপ্রিত বুমরাহর চোটে শামির সামনে সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত নির্বাচকেরা তাকে বিবেচনা করেননি। বরং ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবীকে দলে নেওয়া হয়েছে।

শামির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে অজিত আগারকার জানান, টেস্ট ক্রিকেটে ফেরার মতো ফিটনেস এখনো অর্জন করতে পারেননি এই অভিজ্ঞ পেসার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পরিসংখ্যান শামির সামর্থ্যের অন্য চিত্র তুলে ধরছে। রঞ্জি ট্রফির সর্বশেষ সাত ম্যাচে ১ হাজার ৩৮৩ বল করে ১৬.৭২ গড়ে ৩৭ উইকেট নিয়েছেন তিনি। এ সময়ে ৫০টি মেডেন ওভার করেছেন এবং তিনবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন। এর মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা বোলিংও করেছেন শামি—৯০ রানে নিয়েছেন ৮ উইকেট।

অন্যদিকে একই রঞ্জি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবী। ১২.৫৬ গড়ে ৬০ উইকেট নিয়ে তিনি নির্বাচকদের নজর কাড়েন। সেই পারফরম্যান্সের ফল হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন জম্মু-কাশ্মীরের এই পেসার।

বিজ্ঞাপন

নবীর অন্তর্ভুক্তি শামির জন্য জাতীয় দলে ফেরার লড়াই যে কঠিন হয়ে উঠেছে, সেটিই স্পষ্ট করেছে। টেস্ট দলে ফিরতে হলে আসন্ন দুলীপ ট্রফিসহ ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে তরুণ পেসারদের তুলনায় ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে হবে শামিকে। পাশাপাশি শতভাগ ফিটনেসও প্রমাণ করতে হবে তাকে।

বর্তমানে ঘরোয়া ক্রিকেটে তরুণ পেসাররা শুধু জাতীয় দলের স্কোয়াড পূরণের জন্য সুযোগ পাচ্ছেন না। উইকেট শিকারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারা সরাসরি একাদশে জায়গার দাবিদার হয়ে উঠছেন। ফলে অভিজ্ঞ ক্রিকেটারদের জন্যও জাতীয় দলে ফেরার পথ আগের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD