পেলের পর সান্তোসে হোম ভেন্যুতে এবার নেইমার ভাস্কর্য

ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই ব্রাজিলের ফুটবলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন নেইমার জুনিয়র। এবার সেই অবদানের স্বীকৃতি হিসেবে পেলেন বিশেষ সম্মান। কিংবদন্তি পেলের পর প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হোম ভেন্যুতে স্থান পেয়েছে নেইমারের ভাস্কর্য ও ব্রোঞ্জের আবক্ষ মূর্তি।
বিজ্ঞাপন
সান্তোসের ড্রেসিংরুম থেকে বিশ্ব ফুটবলের মঞ্চে উঠে আসা নেইমারের ক্লাব ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এই স্বীকৃতি। ভিলা বেলমিরো স্টেডিয়ামের বিখ্যাত জাদুঘর ‘মেমোরিয়াল দেস কনকুইস্তাস’-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নেইমারকে নিয়ে বিশেষ একটি ট্রিবিউট এরিয়া। সেখানেই উন্মোচন করা হয় তার ভাস্কর্য ও ব্রোঞ্জের আবক্ষ মূর্তি।
সান্তোসের ইতিহাসে পেলের পর নেইমারই একমাত্র খেলোয়াড়, যিনি এই বিরল সম্মান পেলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সান্তোসের জার্সিতে ২২৫ ম্যাচ খেলে ১৩৬ গোল করেছেন নেইমার। তার সময়ে ক্লাবটি তিনটি পলিস্তা চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ঐতিহাসিক কোপা লিবার্তাদোরেস শিরোপাও জিতেছে। ক্লাবের হয়ে নেইমারের এসব সাফল্য ও অবদান স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সান্তোসের সভাপতি।
ক্লাব সভাপতি মার্সেলো তেইশেইরা বলেন, নেইমার সান্তোসের ইতিহাসের অন্যতম সেরা প্রতিভা। পেলের পাশাপাশি মেমোরিয়ালে নেইমারের জন্য আলাদা জায়গা তৈরি এবং ভাস্কর্য স্থাপন ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ অংশ।
নিজের প্রিয় ক্লাবের মাঠে পেলের পাশাপাশি এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত নেইমারও। সান্তোসের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়ে ব্রাজিলিয়ান এই তারকা বলেন, ক্যারিয়ারের এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এমন স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দেস কনকুইস্তাস’-এ নিজের ভাস্কর্য দেখতে পাওয়াকে স্বপ্নের মতো বলেও উল্লেখ করেন নেইমার।
পেশাদার ফুটবলে খেলোয়াড়দের ক্লাব বদল স্বাভাবিক হলেও সান্তোসের মেমোরিয়ালে স্থায়ীভাবে জায়গা পাওয়া নেইমারের নামকে ক্লাবটির ইতিহাসে আরও গভীরভাবে স্মরণীয় করে রাখবে।








