তিন ফরম্যাটের তারকা হয়ে উঠছেন তানজিদ হাসান তামিম, অস্ট্রেলিয়ায় প্রশংসা

বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য তানজিদ হাসান তামিম। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পর গত মে মাসে টেস্টেও অভিষেক হয় তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে আলোচনায় এসেছেন এই বাঁহাতি ওপেনার।
বিজ্ঞাপন
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ডারউইনে শুরু থেকেই দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে তানজিদ, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছেন।
পরিস্থিতি অনুযায়ী কখনো রক্ষণাত্মক, আবার কখনো আক্রমণাত্মক ব্যাটিং করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী তানজিদ। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার আগেই তার ব্যাটিং দক্ষতার প্রশংসা করেন অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকাররা।
ধারাভাষ্যকার ট্রেন্ট কোপল্যান্ডের মতে, তানজিদ ধীরে ধীরে তিন ফরম্যাটের ক্রিকেটেই বড় তারকা হয়ে উঠছেন। দ্রুতগতির বোলারদের বিপক্ষে প্রয়োজন অনুযায়ী ব্যাটিংয়ের গতি পরিবর্তন করা এবং মিড-অফের ওপর দিয়ে সাবলীলভাবে শট খেলার সক্ষমতা তার ব্যাটিংয়ে বৈচিত্র্যের প্রমাণ বলে মনে করেন তিনি। সাদা বলের ক্রিকেটে তানজিদ নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছেন বলেও মন্তব্য করেন কোপল্যান্ড।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
টেস্ট অভিষেকের আগে তানজিদকে মূলত সীমিত ওভারের ক্রিকেটের ব্যাটার হিসেবেই দেখা হতো। গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হলেও দুই ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র ৩০ রান। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়ে দীর্ঘ সংস্করণে ব্যাটিংয়ের সামর্থ্যও দেখিয়ে দিয়েছেন তিনি।
তানজিদের ১৯৭ বলে ১০১ রানের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও একটি ছক্কায়। দীর্ঘ সময় উইকেটে থেকে ধৈর্য ধরে ব্যাট করার সক্ষমতা নিয়ে যে প্রশ্ন ছিল, সেই সংশয়ও দারুণভাবেই দূর করেছেন তিনি।
বিজ্ঞাপন
বাংলাদেশের পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার প্রত্যাশার বিপরীত চিত্র দেখা গেছে বলে মন্তব্য করেছেন আরেক ধারাভাষ্যকার গ্রেগ ব্লুয়েট। তার ধারণা ছিল, অস্ট্রেলিয়া সহজেই বাংলাদেশের টপ অর্ডারকে চাপে ফেলবে। কিন্তু তানজিদ-শান্তরা অস্ট্রেলিয়াকে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জ জানাচ্ছেন।
বাংলাদেশের ব্যাটিংয়ের যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে, সেটি হলো তানজিদ ও শান্তর ব্যাটিংয়ের ভারসাম্য—এমনটাই মনে করেন ব্লুয়েট। তার মতে, দুই ব্যাটার একদিকে দৃঢ়ভাবে রক্ষণ সামলেছেন, অন্যদিকে সুযোগ পেলেই আক্রমণাত্মক শট খেলেছেন। এই ব্যাটিং অস্ট্রেলিয়ার বোলারদের জন্য যথেষ্ট হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।








