যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জিততে চান হাসান মাহমুদ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। ডারউইনে বাংলাদেশের স্মরণীয় এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন ৯ উইকেট।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে বাংলাদেশের অন্যতম সেরা সাফল্য হিসেবে উল্লেখ করেছেন হাসান। তার ভাষায়, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় একজন ক্রিকেটারের জন্য স্বপ্নের মতো। প্রথম দিন থেকেই দলের খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছেন এবং প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। সঠিক প্রস্তুতি ও অনুশীলনের ফল হিসেবেই এই জয় এসেছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের বোলিং পারফরম্যান্স প্রসঙ্গে হাসান বলেন, অস্ট্রেলিয়ায় টেস্ট জয় তার কাছে বিশেষ কিছু। ক্রিকেটে আসার পর থেকেই তিনি বিশ্বের অনেক কিংবদন্তি ফাস্ট বোলারের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের পরিকল্পনা অনুযায়ী বোলিং করার চেষ্টা করেছেন তিনি। এ ক্ষেত্রে দলের অ্যানালিস্টের সঙ্গেও নিয়মিত আলোচনা করেছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জেতাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় লক্ষ্য হিসেবে দেখছেন হাসান মাহমুদ। তিনি বলেন, যেকোনো ফরম্যাটে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে পারলে সেটি তার জীবনের অন্যতম বড় অর্জন হবে।
হাসানের মতে, বাংলাদেশ ক্রিকেট এখন আগের অবস্থায় নেই। দলটি ধীরে ধীরে উন্নতি করছে এবং আত্মবিশ্বাস বাড়ছে। ফলে বিশ্বের যেকোনো দলকে হারানোর সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মনে করেন তিনি।
প্রতিপক্ষ ব্যাটারকে কীভাবে চাপে ফেলেন, সেটিও জানিয়েছেন এই পেসার। তার মতে, ব্যাটারকে পরাস্ত করার দুটি কার্যকর পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো ব্যাটারের মানসিকতা বুঝে নিজের দক্ষতা কাজে লাগিয়ে তাকে ফাঁদে ফেলা। আর দ্বিতীয়টি হলো উইকেটের উপযুক্ত জায়গায় ধারাবাহিকভাবে বল করে ব্যাটারের ধৈর্যের পরীক্ষা নেওয়া। পরিস্থিতি বুঝে তিনি এই দুই কৌশলের যেকোনোটি প্রয়োগের চেষ্টা করেন।








