বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে তার জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর ১৩ সদস্যের স্কোয়াডে এটিই একমাত্র পরিবর্তন।
বিজ্ঞাপন
প্রথম টেস্টের দুই ইনিংসে ওয়েদারাল্ডের ব্যাট থেকে আসে ২৩ ও শূন্য রান। অ্যাশেজসহ অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন তিনি। এসব ম্যাচে তার মোট রান ২২৪, ব্যাটিং গড় ২০.৩৬। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদের বলে আউট হন তিনি।
ওয়েদারাল্ডকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়টি সংক্ষিপ্ত এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে প্রায় তিন বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন ম্যাট রেনশ। ২০২৩ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। চলতি সিরিজের আগে ব্রিসবেনে দলের সঙ্গে অনুশীলন করে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন রেনশ।
সর্বশেষ শেফিল্ড শিল্ড মৌসুমে ৪৯.৯০ গড়ে তিনটি সেঞ্চুরি করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তার ব্যাটিং গড় ২৯.৩১ এবং সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান। ম্যাকেইতে দ্বিতীয় টেস্টে মাঠে নামলে এটি হবে তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট।
দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল
বিজ্ঞাপন
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।








