Logo

এবার বিপিএল না করার সিদ্ধান্তে রাজি রংপুর-ঢাকা-রাজশাহী

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬, ১৭:৪৬
এবার বিপিএল না করার সিদ্ধান্তে রাজি রংপুর-ঢাকা-রাজশাহী
ছবি: সংগৃহীত

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

গত দুই আসরে লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো করে এবার আরেকটি ‘জোড়াতালি’ দিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চায় না বোর্ড। সবকিছু নতুনভাবে গুছিয়ে একটি কার্যকর কাঠামো তৈরি করার পরই বিপিএল মাঠে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে বলে বোর্ডের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে।

বিপিএল আয়োজন নিয়ে আগামীকাল রবিবার বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা। এর আগে শনিবার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেছেন গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মালিকপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠক শেষে তিন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা নিজেদের অবস্থান ও মতামত তুলে ধরেন। রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক সাদেক বলেন, বাজারের পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থায় শুধু নামমাত্র বিপিএল আয়োজন করে বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করা, তাদের ফোন না ধরা কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার চেয়ে কিছুটা সময় নিয়ে ভালো একটি মডেলের মাধ্যমে টুর্নামেন্ট আয়োজন করাই বেশি যুক্তিযুক্ত।

তিনি আরও যোগ করেন, 'জানুয়ারি মাস পার হয়ে আজ প্রায় সাত মাস আট মাস চলছে, আমাদের এখনো কিছু স্থানীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়ের পারিশ্রমিক দেওয়া বাকি। কারণ আমাদের সঙ্গে যেসব পৃষ্ঠপোষক চুক্তি করেছিল তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকগুলো পরিশোধ করে না।'

কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ, 'বিসিবি বলেছে বিপিএলের নতুন মডেল তৈরি করে কমপক্ষে চার পাঁচ মাস আমাদের সময় দেওয়া হবে। যাতে করে আমরা উনাদের ক্রাইটেরিয়া ফুল ফিল করতে পারি। শেষ দুই বছরে যেভাবে বিপিএল হয়েছে এবারও সেভাবে হলে আমরা থাকবো না। কারণ, গালি আমরা বেশি খাই। বিপিএলে নতুন মডেল এলে আমরা থাকতে চাইবো। বিসিবি প্রেসিডেন্ট বলেছেন বিপিএল অবশ্যই হবে, তবে সময় চাচ্ছেন। বিপিএলের মান বাড়াতে তামিম ভাই ভালো একটা মডেল করতে চাচ্ছেন। ওনাকে আমরা সময় দিতে রাজি।'

বিজ্ঞাপন

গেলবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের সিইও মোকছেদুল কামাল বাবু বলেন, 'অবশ্যই আমরা মাঠে বিপিএল চাই। লিগের ধারাবাহিকতা থাকা দরকার। তবে যে সমস্যাগুলো ছিল, সেগুলোর সমাধান করাও দরকার। একটা ভালো মডেল তৈরি করা দরকার। যাতে করে, বিসিবি-ফ্ল্যাঞ্জাইজি-খেলোয়াড় সবার যেন লাভ হয়।'

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD