লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক কে হচ্ছেন?

লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন—এখন সেটিই বড় প্রশ্ন। গত দুই দশক ধরে আর্জেন্টিনার ফুটবল অনেকটাই মেসিকে কেন্দ্র করে এগিয়েছে। তার বিদায়ে দলে বড় শূন্যতা তৈরি হলেও ফুটবলের পথচলা থেমে থাকছে না। বরং মেসি-পরবর্তী যুগে নতুন নেতৃত্বের সন্ধান শুরু হয়েছে।
বিজ্ঞাপন
এই মুহূর্তে পরবর্তী অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম। এতদিন মেসি ও নিকোলাস ওতামেন্দির পর অধিনায়কত্বের তালিকায় তৃতীয় অবস্থানে ছিলেন টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার। সতীর্থ ও কোচিং স্টাফদের সমর্থন থাকায় এবার নেতৃত্বের দায়িত্ব তার কাঁধে উঠতে পারে বলে জানা যাচ্ছে।
আর্জেন্টিনার ড্রেসিংরুমে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন রোমেরো। মাঠে তার আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাকে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রেখেছে। মেসিবিহীন দলে রক্ষণভাগ সামলানোর পাশাপাশি সতীর্থদের মানসিকভাবে শক্ত রাখাও তার অন্যতম বড় দায়িত্ব হতে পারে।
রোমেরোর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন মেসিও। আর্জেন্টিনার রক্ষণকে শক্তিশালী করার ক্ষেত্রে রোমেরোর গুরুত্বপূর্ণ অবদানের কথা বিভিন্ন সময়ে স্বীকার করেছেন তিনি। ফলে মেসির উত্তরসূরি হিসেবে রোমেরোর নাম আলোচনায় আসাটা অনেকটাই প্রত্যাশিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে নতুন অধিনায়কের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। লিওনেল স্কালোনির অধীনে গত কয়েক বছরে আর্জেন্টিনা ধারাবাহিক সাফল্য পেয়েছে। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা—এই তিনটি বড় শিরোপাই জিতেছে আলবিসেলেস্তেরা। এসব সাফল্যের কেন্দ্রে ছিলেন মেসি।
এবার মেসির অনুপস্থিতিতে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব নিতে হবে নতুন নেতৃত্বকে। মেসির বিদায় শুধু অধিনায়ক পরিবর্তনের বিষয় নয়, আর্জেন্টিনা দলে একটি প্রজন্মের পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ ২১ বছর জাতীয় দলের হয়ে খেলার পর মেসি সরে দাঁড়ানোয় তরুণ ফুটবলারদের ওপরও বাড়তি দায়িত্ব পড়বে।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে রোমেরোর অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা এবং ড্রেসিংরুমে প্রভাব স্কালোনির দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, মাঠ ও মাঠের বাইরে নিজের নেতৃত্ব দিয়ে তিনি মেসির রেখে যাওয়া উত্তরাধিকার কতটা সফলভাবে এগিয়ে নিতে পারেন।








