Logo

লিওনেল মেসির অবসর ঘোষণার পর আর্জেন্টিনার বিশেষ সিদ্ধান্ত

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৪
লিওনেল মেসির অবসর ঘোষণার পর আর্জেন্টিনার বিশেষ সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর ঘোষণার পর তাকে বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির বিদায়ী মুহূর্ত স্মরণীয় করে রাখতে দেশটির ঘরোয়া ফুটবলের বিভিন্ন ম্যাচে বিশেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

গত ৩১ আগস্ট নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত তিন পৃষ্ঠার একটি লিখিত বার্তার মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা দীর্ঘ ভাবনা-চিন্তার পর জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্তের কথা জানান।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের দীর্ঘ ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে পুরুষ ও নারী দলের সব বিভাগ ও পর্যায়ের আসন্ন ম্যাচে বিশেষ শ্রদ্ধা প্রদর্শনের ঘোষণা দিয়েছে এএফএ।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। এ সময় দর্শক ও সংশ্লিষ্টরা করতালির মাধ্যমে মেসিকে সম্মান জানাবেন। ভিডিও বোর্ড সুবিধা থাকা স্টেডিয়ামগুলোতে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি শ্রদ্ধাঞ্জলি ভিডিওও প্রদর্শন করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০০৫ সালের ১৭ আগস্ট আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল মেসির। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। জাতীয় দলের হয়ে ১২৫ গোল করে তিনি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন।

বিশ্বকাপেও মেসির রয়েছে একাধিক অনন্য কীর্তি। তিনি যৌথভাবে সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নেওয়া খেলোয়াড়দের একজন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলার পাশাপাশি ২৩টি জয়ের রেকর্ডও রয়েছে তার। ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন আসে ২০২২ সালের কাতার বিশ্বকাপে, যেখানে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন তিনি।

বিজ্ঞাপন

অবসর ঘোষণার বার্তাতেও নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আবেগ প্রকাশ করেছেন মেসি। প্রথম পাতায় জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্তের গভীরতা তুলে ধরেন তিনি। নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলার কথা উল্লেখ করে মেসি জানান, জাতীয় দলের হয়ে নিজের ভেতরে থাকা সবকিছু উজাড় করে দিয়েছেন।

দ্বিতীয় পাতায় জাতীয় দলের হয়ে দুই দশকের পথচলা স্মরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সময়ের ভালোবাসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বার্তার শেষ পাতায়ও ছিল আবেগের ছাপ। আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পাওয়াকে স্মরণ করে মেসি দেশটির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন এবং শেষ করেন—‘এগিয়ে যাও আর্জেন্টিনা’ বার্তা দিয়ে।

বিজ্ঞাপন

মেসির অবসর ঘোষণার পর এএফএর এই বিশেষ আয়োজন তার দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারকে স্মরণ করার পাশাপাশি আর্জেন্টাইন ফুটবলে তার অবদানের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: এএফএ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD