Logo

বুমরাহ-বন্ডদের সুস্থ করে তোলা চিকিৎসককে নিয়োগ দিচ্ছে বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৮
বুমরাহ-বন্ডদের সুস্থ করে তোলা চিকিৎসককে নিয়োগ দিচ্ছে বিসিবি
ছবি: সংগৃহীত

গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেটে পেসারদের উত্থান বেশ চোখে পড়ার মতো। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের মতো একাধিক পেসার জাতীয় দলে নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে সাফল্যের পাশাপাশি পেসারদের ইনজুরির সমস্যাও বেড়েছে। বর্তমানে একাধিক পেসার চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।

বিজ্ঞাপন

চোটে পড়া ক্রিকেটারদের চিকিৎসা ও পুনর্বাসনে এবার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পেসার তানজিম সাকিবের চোটের সময় নিউজিল্যান্ডের স্পাইন ও ব্যাক বিশেষজ্ঞ চিকিৎসক রোয়ান চাউটেনের পরামর্শ নিয়েছিল বিসিবি। পরবর্তী সময়েও অনলাইনে একাধিকবার তার চিকিৎসা পরামর্শ নেওয়া হয়েছে।

জাসপ্রিত বুমরাহ ও শেন বন্ডের মতো ক্রিকেটারদের সফল অস্ত্রোপচার করেছেন রোয়ান। এবার দেশের ক্রিকেটারদের চিকিৎসা ব্যবস্থায় তার অভিজ্ঞতা কাজে লাগাতে দীর্ঘমেয়াদে তাকে পরামর্শক হিসেবে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিসিবি। এ বিষয়ে রোয়ানের সঙ্গে বোর্ডের আলোচনা চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিসিবির প্রস্তাবে চিকিৎসক রোয়ানও ইতিবাচক সাড়া দিতে যাচ্ছেন বলে জানা গেছে। এতদিন ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। তবে এবার আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে তার সঙ্গে কাজ করবে বিসিবি।

পরিকল্পনা অনুযায়ী, ক্রিকেটারদের ইনজুরি-সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন রোয়ান। মূলত অনলাইনের মাধ্যমেই বিসিবি ও ক্রিকেটারদের সঙ্গে তার যোগাযোগ হবে।

মেরুদণ্ডের স্ট্রেস ফ্র্যাকচার ও পিঠের জটিল সমস্যার সফল অস্ত্রোপচারের জন্য পরিচিত রোয়ান চাউটেন। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের তারকা ক্রীড়াবিদদের চিকিৎসাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

মেরুদণ্ডের অবক্ষয়জনিত সমস্যা, ডিস্ক প্রোল্যাপস বা সায়াটিকা, স্পাইনাল স্টেনোসিস, মেরুদণ্ডের বিভিন্ন ধরনের আঘাত এবং হিপ জয়েন্ট প্রতিস্থাপনসহ একাধিক জটিল চিকিৎসা ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে।

দেশের পেসারদের নিয়মিত ইনজুরি এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়েই অভিজ্ঞ এই চিকিৎসককে পরামর্শক হিসেবে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিসিবি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD