বিপিএল হচ্ছে না, নতুন টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে গত কয়েক বছর ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে পারিশ্রমিক পরিশোধ নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। সর্বশেষ আসর শেষ হওয়ার দীর্ঘ সময় পরও অনেক ক্রিকেটার তাদের পাওনা বুঝে পাননি।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে বিপিএলের পরিবর্তে ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ও আয়ের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দুই দফা বৈঠকও হয়েছে।
বৃহস্পতিবার বিসিবির কমিটির বৈঠক শেষে সভাপতি তামিম ইকবাল জানান, শুধু নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে নয়, দেশের ক্রিকেটারদের সামগ্রিকভাবে উপকৃত করার লক্ষ্যেই নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, নতুন টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন কাঠামো অনুযায়ী, পুরুষ ক্রিকেটে চার দিনের ম্যাচে একজন ক্রিকেটার ১ লাখ ৫০ হাজার টাকা, ওয়ানডেতে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা ম্যাচ ফি পাবেন।
নারীদের ক্রিকেটেও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তিন দিনের ম্যাচকে চার দিনের করা হবে। চার দিনের ম্যাচে ম্যাচ ফি ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হবে। এছাড়া ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিপিএল আয়োজন না হলে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কমাতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তবে টুর্নামেন্টটি এনসিএল টি-টোয়েন্টি নামে নাও হতে পারে। নতুন নামে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে টুর্নামেন্টটি আয়োজন করা হতে পারে। এতে বিভাগভিত্তিক দল থাকবে না। মোট ছয়টি দল অংশ নেবে এবং দলগুলোর মালিকানা নেওয়া প্রতিষ্ঠান নিজেদের পছন্দ অনুযায়ী দলের নাম নির্ধারণ করতে পারবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে বিপিএল না থাকলেও ঘরোয়া ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত ম্যাচ ও আর্থিক সুযোগ তৈরি করতে চায় বিসিবি।








