মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা স্কালোনির

লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের পর আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে ক্রিস্তিয়ান রোমেরোর হাতে। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের পরবর্তী অধিনায়ক হিসেবে রোমেরোকেই বেছে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপের পর নতুন আন্তর্জাতিক চক্র শুরু করেছে আর্জেন্টিনা। এই সময়ে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচগুলোর আগে সংবাদ সম্মেলনে মেসির পর দলের নেতৃত্ব নিয়ে নিজের সিদ্ধান্ত স্পষ্ট করেন স্কালোনি।
স্কালোনি বলেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্টিয়ান)। লিও (লিওনেল মেসি) ও ওতা’র (নিকোলাস ওতামেন্দি) পর সে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও (মার্টিনেজ) আর্মব্যান্ড পরতে পারে। আসন্ন প্রথম দুটি ম্যাচ না খেললেও রদ্রিগো (ডি পল) এটি (আর্মব্যান্ড) পরতে পারে। লাউতারোও (মার্টিনেজ) পরতে পারে। কুতিই উপযুক্ত ব্যক্তি।’
এর মাধ্যমে রোমেরোর অধিনায়ক হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন আর্জেন্টিনা কোচ। দীর্ঘদিন ধরেই দলের নেতৃত্বের সম্ভাব্য তালিকায় থাকা এই ডিফেন্ডার ইতোমধ্যে একাধিক ম্যাচে আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন।
বিজ্ঞাপন
২৮ বছর বয়সী রোমেরোর নেতৃত্বের সক্ষমতার ওপর আস্থা রয়েছে স্কালোনির। বিশেষ করে রক্ষণভাগ থেকে সতীর্থদের সংগঠিত করা এবং মাঠে দলকে পরিচালনা করার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোমেরো। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার দলের নেতৃত্ব পান তিনি।
একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন রোমেরো। এরপর ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও তার হাতে ছিল আর্মব্যান্ড।
বিজ্ঞাপন
মাঠে আগ্রাসী খেলার ধরন, সতীর্থদের সংগঠিত করার ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে মেসির পরবর্তী অধিনায়ক হিসেবে রোমেরোর নাম সামনে এসেছিল। এবার স্কালোনির ঘোষণায় সেই অপেক্ষার অবসান হলো।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলের সামনে নতুন নেতৃত্বের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় আসছে। নতুন অধিনায়ক হিসেবে রোমেরোর দায়িত্ব শুধু রক্ষণ সামলানোতেই সীমাবদ্ধ থাকবে না; সতীর্থদের মানসিকভাবে প্রস্তুত রাখা এবং মাঠে দলকে সংগঠিত রাখাও তার গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে।
তবে ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে নেতৃত্বের সিদ্ধান্তে পরিবর্তন আসার সুযোগ থাকলেও আপাতত স্কালোনির পছন্দের অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোই।








