আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর আর্জেন্টিনা জাতীয় দলে শুরু হয়েছে নতুন অধ্যায়। মেসিকে ঘিরে তৈরি নেতৃত্বের শূন্যতা পূরণে কোচ লিওনেল স্কালোনি ধীরে ধীরে দলকে নতুন কাঠামোয় সাজাচ্ছেন। এরই অংশ হিসেবে ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোর হাতে উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড।
বিজ্ঞাপন
নতুন অধিনায়কের প্রতি আস্থা প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। জাতীয় দলের বাইরে থাকা এই তারকা মনে করেন, নেতৃত্বের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য রোমেরো যথেষ্ট যোগ্য।
আলবিসেলেস্তেদের নেতৃত্বের দৌড়ে রোমেরোর নাম আগে থেকেই ছিল। ২৮ বছর বয়সী অ্যাতলেতিকো মাদ্রিদের এই সেন্টার-ব্যাক মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক হিসেবে বিবেচিত ছিলেন। সিনিয়রদের অনুপস্থিতিতে চিলি, ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে ইতোমধ্যে তিনি আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্কালোনির সিদ্ধান্ত নিয়ে স্পোর্টস সেন্টারকে দেওয়া বক্তব্যে ডি মারিয়া রোমেরোর প্রশংসা করেন। তিনি বলেন, ‘সে এর যোগ্য। আমি মনে করি, স্কালোনি এবং কোচিং স্টাফের এটি একটি দারুণ সিদ্ধান্ত। সে এর যোগ্য কারণ সে একজন চমৎকার মানুষ। অধিনায়কের আর্মব্যান্ড বহন করার মতো দারুণ মানসিকতা তার আছে এবং আমি নিশ্চিত যে সে খুব ভালো কাজ করবে।’
বিজ্ঞাপন
মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য সমর্থকদের প্রতিও আহ্বান জানিয়েছেন সাবেক এই আন্তর্জাতিক উইঙ্গার।
ডি মারিয়া বলেন, ‘আমি খুশি যে লোকজন জাতীয় দলকে সমর্থন করে যাচ্ছে। কারণ তারা অবশ্যই আমাদের আনন্দ দিয়ে যাবে।’
মেসির যুগের পর আর্জেন্টিনা কীভাবে নিজেদের নতুন নেতৃত্ব ও দলীয় কাঠামো গড়ে তোলে, এখন সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের। রোমেরোর নেতৃত্বে সেই পরিবর্তনের শুরুতেই আস্থা রাখছেন ডি মারিয়া।








