Logo

ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ফুটবলারের মৃত্যু

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৪৮
ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ফুটবলারের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেক্সিকোয় ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই ফুটবলার। নিহতরা হলেন গোলরক্ষক হোসে ইগনাসিও মোরেনো ফার্নান্দেজ, যিনি ‘নাচো পোর্তে’ নামে পরিচিত ছিলেন, এবং ফরোয়ার্ড কার্লোস আলফোনসো রামিরেজ গুয়েভারা, ডাকনাম ‘চার্লি’।

বিজ্ঞাপন

নাচোর বয়স ছিল ২৮ বছর এবং চার্লির ২৬। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে পুয়েবলা রাজ্যের পালমার দে ব্রাভোর কাছে কুয়াকনোপালান–ওয়াহাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সময় নাচো ২০১৫ সালের একটি নীল ফোর্ড ফোকাস গাড়ি চালাচ্ছিলেন। তার পাশের আসনে ছিলেন চার্লি। মহাসড়কে প্রায় এক কিলোমিটার যাওয়ার পর তাদের গাড়িটি একটি ফ্রেইটলাইনার ফ্ল্যাটবেড লরির পেছনে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংঘর্ষের পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়েন দুই ফুটবলার। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারের চেষ্টা করে। তবে ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

গাড়িতে থাকা ২১ বছর বয়সী এক নারী যাত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুয়েবলা ও পার্শ্ববর্তী তলাক্সকালা অঞ্চলের ফুটবল লিগে নাচো ও চার্লি পরিচিত ও সম্মানিত খেলোয়াড় ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে স্থানীয় ফুটবল অঙ্গনে শোক নেমে এসেছে।

নাচো মেক্সিকোর কয়েকটি পরিচিত ক্লাবের যুব একাডেমিতেও খেলেছেন। এর মধ্যে শীর্ষ পর্যায়ের ক্লাব লোবোস বিইউএপি ও পাচুকার একাডেমি উল্লেখযোগ্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD