ডি থ্রির ফাইনালেও বিপিএলের মতো সমাপনী অনুষ্ঠান করতে চায় বিসিবি

এবারের মৌসুমে মাঠে গড়াবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর পরিবর্তে তিন সংস্করণ মিলিয়ে নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘ডি থ্রি’ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সংস্করণ। এরই মধ্যে ম্যানেজমেন্ট ড্রাফট ও আইকন ড্রাফট সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
ম্যানেজমেন্ট ড্রাফট শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক ও ফরচুন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি জানান, বিপিএলের আদলে ডি থ্রির সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
মিজানুর রহমান বলেন, ‘ট্রফি উদযাপনেই যদি এত লোক হয়, খেলা হলে কী হবে—এটা কেবল চিন্তা করেন। তাই এই কারণেই আমি বলছি, ওখানে বড় কিছু হবে ইনশাআল্লাহ। আমাদের উদ্বোধনটাও ভালো হবে এবং আমরা চাচ্ছি বিপিএলের মতোই একটা সমাপনী অনুষ্ঠান করতে।’
ডি থ্রির দলগুলোর প্রস্তুতিতেও চলছে নানা পরিকল্পনা। ফরচুন ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে তিন সংস্করণে একই কোচকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন মিজানুর রহমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে উনাদের পরিবর্তে যাদেরকে পাব, তার জন্য আজকেই একটা আবেদন করে রাখব। যেমন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সালাউদ্দিন সাহেবকে পাওয়া যাবে। কিন্তু চার দিনের ম্যাচে পাওয়া যাবে না। তাই চার দিনের ম্যাচের জন্য আমাদেরকে আরেকটা পথ খুঁজে নিতে হবে।’
এদিকে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন মিজানুর রহমান। তার মতে, হৃদয় বর্তমানে বাংলাদেশের অন্যতম আলোচিত তারকা ক্রিকেটার এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখতে পারেন।
মিজান বলেন, ‘হৃদয় এই মুহূর্তে তারকা খেলোয়াড়। সে এখন পর্যন্ত জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে না। আমার চিন্তা হচ্ছে, গত ৩, ৪, ৫ বছরে যখন সে আরও পরিপক্ক হবে, দুই-চারটা আমাদের এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে চাপ নিতে পারবে, আমার ধারণা সে বাংলাদেশের সেরা খেলোয়াড় হতে পারবে।’
বিজ্ঞাপন
বিপিএলে আবারও ফ্র্যাঞ্চাইজি হিসেবে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন মিজানুর রহমান। তিনি বলেন, পর্যাপ্ত সময় না থাকায় এবারের বিপিএলে অংশ নেননি। তবে আগামী বছর তাকে বিপিএলে দেখা যাবে বলে জানান তিনি।
মিজানুর রহমান বলেন, ‘আমার জন্য পর্যাপ্ত সময় ছিল না, এজন্য আমি কিন্তু বিপিএলে আসি নাই। আগামী বছর যখন বিপিএল আসবে, আপনি আমাকে দেখতে পাবেন। কারণ আমি ক্রিকেটপ্রেমী এবং ক্রীড়াপ্রেমী। আমি বোর্ডের বিষয়গুলো বলব না, ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমি আসবই, নিশ্চিতভাবে।’








