ডি থ্রি টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেটে পেশাদারিত্ব বাড়াবে: সোহান

নতুন করে তিন সংস্করণের ক্রিকেট নিয়ে ডি থ্রি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যানেজমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। সেখানে ব্লু-স্টার গ্রুপের আইকন হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হাসান সোহান।
বিজ্ঞাপন
ড্রাফট শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সোহান। ঘরোয়া ক্রিকেটের নির্ধারিত সূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সত্যি বলতে আমাদের ঘরোয়া ক্রিকেটের সূচি সব সময় জাতীয় দলের খেলোয়াড়দের ওপর নির্ভরশীল থাকে। আপনি যদি বাইরের দেশগুলোর দিকে তাকান, যেসব দেশে নিয়মিত ক্রিকেট হয়, সেখানে কিন্তু এভাবেই সবকিছু পরিচালিত হয়। জাতীয় দলের ১৫-২০ জন খেলোয়াড় ব্যস্ত থাকলেও ঘরোয়া ক্রিকেটের সূচি অনুযায়ী খেলা ঠিকই চলতে থাকে।’
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন নির্দিষ্ট সূচি না থাকার বিষয়টিও তুলে ধরেন সোহান। তিনি বলেন, ‘বিগত অনেক বছর ধরেই আমরা এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করেছি। কারণ আমাদের ঘরোয়া ক্রিকেটের কোনো নির্ধারিত সূচি ছিল না। এ কারণে যারা ঘরোয়া ক্রিকেট খেলত, তাদের নিজেদের পরিকল্পনা করতেও অনেকটা সমস্যা হতো।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডি থ্রি টুর্নামেন্টের মাধ্যমে আগে থেকেই সূচি জানা যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সোহান। তার ভাষায়, ‘এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ যে, আমরা অনেক আগে থেকেই জানতে পারছি, আমাদের কখন সূচি হচ্ছে। এ কারণে আমাদের প্লেয়ারদের মধ্যেও পেশাদারিত্ব আরও বাড়বে।’
বিজ্ঞাপন
দল গঠন নিয়েও প্রস্তুতির কথা জানিয়েছেন সোহান। তিনি বলেন, ‘আমাদের দল গত চার-পাঁচ দিন ধরেই এ নিয়ে কাজ করছে। সত্যি বলতে, সব দলই ভালোভাবে পরিকল্পনা করছে। যেহেতু বছরের প্রায় সাত-আট মাস এই টুর্নামেন্ট চলবে এবং প্রতিটি দলে ২৩ জনের জায়গা আছে, তাই তিন সংস্করণের কথা মাথায় রেখেই দল সাজানো হচ্ছে।’
ডি থ্রি টুর্নামেন্টে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে খেলা। পরবর্তী সময়ে ওয়ানডে ও চার দিনের ক্রিকেটও আয়োজনের পরিকল্পনা রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই প্রতিযোগিতাকে ঘিরে দলগুলোও তিন সংস্করণের উপযোগী ক্রিকেটার নিয়ে পরিকল্পনা করছে।








