Logo

বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে, ফিফার সাক্ষাৎকারে হামজা

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০৭
বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে, ফিফার সাক্ষাৎকারে হামজা
ছবি: সংগৃহীত

ফলাফল দিয়ে বাংলাদেশের পারফরম্যান্স বিচার করতে চান না হামজা চৌধুরী। বরং কঠিন সময়ের মধ্য দিয়ে দলটি ধীরে ধীরে উন্নতি করছে এবং বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে বলে বিশ্বাস এই মিডফিল্ডারের।

বিজ্ঞাপন

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জাতীয় দলের পথচলা ও চলমান ফিফা ASEAN Cup-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলেন হামজা। টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে হেরেছে। সর্বশেষ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ।

সিঙ্গাপুর ম্যাচের পর হামজা বলেন, ব্যক্তিগতভাবে টুর্নামেন্টের অভিজ্ঞতা তার জন্য অসাধারণ। তবে এখন পর্যন্ত ভালো সময়ের চেয়ে কঠিন মুহূর্তই বেশি এসেছে। তারপরও দল কঠোর পরিশ্রম করে ভালো কিছুর ভিত্তি তৈরি করছে বলে জানান তিনি।

বাংলাদেশ দল বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে বলে দৃঢ় বিশ্বাস হামজার। তার মতে, ASEAN Cup-এর মতো প্রতিযোগিতায় বাংলাদেশ তুলনামূলকভাবে অনভিজ্ঞ হলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ দলকে শেখার এবং নিজেদের পরখ করার সুযোগ দিচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে পারফরম্যান্সের তুলনা করে হামজা বলেন, সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচের চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে। মালয়েশিয়ার বিপক্ষে ধীরগতিতে শুরু করায় পরে ম্যাচে ফিরে আসা কঠিন হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা দলের বিপক্ষে মাঠে সেই ব্যবধান সবসময় দেখা যায় না বলে মনে করেন হামজা। তার মতে, শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা তৈরি হওয়া বাংলাদেশের উন্নতিরই ইঙ্গিত।

তবে দল এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মনে করেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘ধাঁধার শেষ দুই বা তিনটি টুকরো’ এখনো মেলানো বাকি। দ্রুত সেগুলো ঠিকঠাক মিলে যাবে বলে আশা করছেন তিনি।

বিজ্ঞাপন

আগামী নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান হামজা। সেই প্রতিযোগিতায় ভালো কিছু অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে ASEAN Cup-এ বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ম্যাচটি ১ অক্টোবর জাকার্তায় অনুষ্ঠিত হবে। গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলাটিকেও মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখছেন হামজা।

ইন্দোনেশিয়া সফরের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। দেশটির মানুষ ও পরিবেশের প্রশংসা করে হামজা জানান, পরিবার ও বন্ধুদের কাছ থেকে ইন্দোনেশিয়া সম্পর্কে ভালো কথা শুনেছিলেন। এবার নিজে এসে জায়গাটি উপভোগ করছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্যালারিতে বিপুলসংখ্যক স্বাগতিক দর্শক থাকবে বলে ধারণা হামজার। ইউরোপের শীর্ষ লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলার থাকা ইন্দোনেশিয়াকে তিনি আরেকটি কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন। তবে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে লড়াই করাই এই টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD