ভক্তদের হুড়োহুড়িতে মেজাজ হারিয়ে ফোন ছুঁড়ে মারলেন বাবর আজম

দীর্ঘ সাত বছর পর পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন বাবর আজম। জাতীয় দলের ব্যস্ততার কারণে এতদিন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেখা যায়নি তাকে। তবে প্রত্যাবর্তনের ম্যাচেই মাঠের এক ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্টের হয়ে ফিল্ডিং করার সময়। স্টেড ব্যাংক অব পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে থাকা বাবরকে ঘিরে ধরেন একদল দর্শক ও ভক্ত। তারা তার সঙ্গে ছবি তুলতে চাইলে বাবর তাদের সরে যাওয়ার নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বাবর। একপর্যায়ে আরেক ভক্ত ছবি তুলতে এগিয়ে এলে তার হাত থেকে ফোনটি নিয়ে দূরে ছুড়ে দেন পাকিস্তানি ব্যাটার। এরপর দর্শকদের মাঠ থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিতও দিতে দেখা যায় তাকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাটি সামনে আসার পর ম্যাচের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, ম্যাচ চলাকালীন একাধিকবার দর্শকদের মাঠে প্রবেশ করতে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ পুলিশ মাঠের নিরাপত্তা জোরদার করে।
বিজ্ঞাপন
তবে সেখানেই শেষ হয়নি ভক্তদের ভিড়। ব্যাট হাতে ৩৯ বলে ২১ রান করে আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময়ও কয়েকজন দর্শক মাঠে ঢুকে বাবরকে ঘিরে ধরেন। তারা তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। পরে মাঠকর্মীদের হস্তক্ষেপে কোনোভাবে বাবরকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।
প্রায় সাত বছর পর চলতি মাসে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন বাবর। তবে প্রত্যাবর্তনের পর ব্যাট হাতে এখনো বড় ইনিংস খেলতে পারেননি তিনি। খান রিসার্চ ল্যাবরেটরিজের বিপক্ষে আগের ম্যাচে দুই ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে ১২ ও ৪ রান।
ঘরোয়া ক্রিকেটে ফেরার পর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার দর্শকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরেও আলোচনায় উঠে এলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।








