Logo

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন সূর্যবংশী

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১৮:২৭
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন সূর্যবংশী
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে অভিষেকেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে ভারত টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জেতার দিনে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এশিয়ান গেমসের স্বর্ণজয়ী হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নিশিনের কারোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৬ উইকেটে ১৯২ রানে থেমে গেলে ১৯ রানের জয় পায় ভারত।

এই স্বর্ণজয়ের মধ্য দিয়ে ১৫ বছর ৬ মাস ৭ দিন বয়সে নতুন রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এর আগে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের রেকর্ড ছিল শুটার সৌরভ চৌধুরীর। ২০১৮ সালের জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে ১৬ বছর ৩ মাস ৯ দিন বয়সে স্বর্ণ জিতেছিলেন তিনি।

সূর্যবংশী শুধু ক্রিকেটেই নয়, এশিয়ান গেমসের সব ক্রীড়ার পদকজয়ীদের মধ্যেও দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে জায়গা করে নিয়েছেন। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে নারীদের ৩০০০ মিটার রিলেতে ১৫ বছর ৩ মাস ১১ দিন বয়সে ব্রোঞ্জ জিতে সবচেয়ে কম বয়সী পদকজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন সাঞ্জানা বাথুলা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফাইনালে ভারতের হয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন অভিষেক শর্মা ও তিলক ভার্মা। অভিষেক মাত্র ২৮ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি ছক্কা। তিলক ভার্মা ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।

২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন হাসান নওয়াজ। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫১ বলে ৯৬ রান করেন তিনি। তবে তার বিদায়ের পর পাকিস্তানের রান তোলার গতি কমে যায় এবং নির্ধারিত ওভারে ১৯২ রানেই থেমে যায় তাদের ইনিংস।

এশিয়ান গেমসে দ্বিতীয়বার ক্রিকেটে অংশ নিয়েই আবারও স্বর্ণপদক জিতল ভারত। আর সেই সাফল্যের অংশ হয়ে অভিষেকেই দেশের সর্বকনিষ্ঠ এশিয়ান গেমস স্বর্ণজয়ীর রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD