গেইলকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন ২০ বছরের প্রিটোরিয়াস

দীর্ঘ ১৩ বছর ধরে অক্ষত থাকা স্বীকৃত পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি পেছনে ফেলেছেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলকে।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এই রেকর্ড গড়েছেন প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে ম্যাচে মাত্র ১২ রানের জন্য স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পাননি তিনি। তবে ৭৯ বলে ১৮৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৫টি চার ও ১৩টি ছক্কায়।
এর আগে ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৬ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। সেই ইনিংসে ১৩টি চার ও ১৭টি ছক্কা মেরেছিলেন তিনি। এরপর আরও নয়জন ব্যাটার গেইলের রেকর্ডের কাছাকাছি গেলেও কেউ তা ভাঙতে পারেননি। শেষ পর্যন্ত ১৩ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন প্রিটোরিয়াস।

নাইটসের বিপক্ষে ম্যাচে টাইটান্সের হয়ে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। এরপর দ্বিতীয় পঞ্চাশ করতে তার প্রয়োজন হয় মাত্র ১৬ বল। অর্থাৎ, ৪০ বলেই শতরানের মাইলফলক স্পর্শ করেন এই তরুণ উইকেটরক্ষক ব্যাটার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শতরকের পরও থামেননি প্রিটোরিয়াস। মাত্র ৫৮ বলে পূর্ণ করেন ১৫০ রান। শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। বলের হিসাবে পুরুষদের টি-টোয়েন্টিতে যৌথভাবে দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ডও গড়েছেন প্রিটোরিয়াস।
তার ব্যাটে চড়ে টাইটান্স নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ২৬৭ রান তোলে। যা টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০২২ আসরে এই টাইটান্সই ৩ উইকেটে ২৭১ রান করেছিল। ওই ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিস করেছিলেন ১৬২ রান, যা প্রিটোরিয়াসের সর্বশেষ ইনিংসের আগপর্যন্ত সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।
বিজ্ঞাপন
২০২৬-২৭ আসরে এটাই প্রথম ম্যাচ ছিল প্রিটোরিয়াসের, আর শুরুতেই খেললেন বিধ্বংসী ও ইতিহাসগড়া এক ইনিংস। নিজের সর্বশেষ দুই ম্যাচে বাঁ-হাতি এই ব্যাটার জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে যথাক্রমে ৯৪ ও ১০১ রান করেছিলেন। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে প্রিটোরিয়াসের সেঞ্চুরি তিনটি। তার রেকর্ডময় ইনিংসে ২৬৭ রান করার পর টাইটান্স জিতেছে ১২৪ রানের বড় ব্যবধানে। নাইটরা গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে।








