Logo

কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে লামিন ইয়ামাল: স্পেন কোচ

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১৫:৪৭
কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে লামিন ইয়ামাল: স্পেন কোচ
ছবি: সংগৃহীত

মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল বিশ্বে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন লামিন ইয়ামাল। তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, এই তরুণ তারকা ধীরে ধীরে কিংবদন্তির পথে এগিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক ম্যাচেও ইয়ামালের পায়ের জাদু দেখা গেছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে ডান দিকের বক্সে দুইবার বাঁ পায়ের ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে উঁচু কোনাকুনি শটে গোল করেন তিনি। তার এমন ট্রেডমার্ক গোল দেখে ডাগআউটে মাথায় দুই হাত দিয়ে বিস্ময় প্রকাশ করেন স্পেন কোচ।

গোলটির পর নিজের প্রতিক্রিয়া প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেন, ‘লামিন আমাদের সবাইকে কখনও বিস্মিত করা থামায় না। তার অনেক প্রতিভা ও গুণ আছে। আমাদেরকে দেওয়ার মতো এখনও অনেক কিছুই বাকি আছে তার। আমাদের সেরা লামিনকে দেখতে হলে অনেক পথ বাকি আছে। যদিও সে সবসময় দুর্দান্ত সব শটে গোল করে।’

স্পেনের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল করে নতুন এক কীর্তিও গড়েছেন ইয়ামাল। ২০১৮ সালে কিরগিজস্তানের আতোঁয়ান জেমলিয়ানুখিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচে ছয় মিনিটের মধ্যে গোল করার নজির গড়েছেন তিনি। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেও মাত্র দুই মিনিটের মধ্যে গোল করেছিলেন ইয়ামাল। তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়ামালের এমন ধারাবাহিক পারফরম্যান্স তার ব্যালন ডি’অর জয়ের দাবিকেও আরও শক্তিশালী করছে। স্পেন কোচ তার সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বলেন, ‘সে যদি ব্যালন ডি’অরের জন্য মনোনীত একমাত্র স্প্যানিশ খেলোয়াড় হতো, তবুও আমি বলতাম হ্যাঁ। সে বিশ্বের সেরা।’

বিশ্বকাপজয়ী কোচ আরও বলেন, ‘সে সবকিছু ভালোভাবে করে। সে যদি সেরা না হয়, সেটার কারণ অন্য স্প্যানিশ খেলোয়াড়দের কাছ থেকে প্রতিযোগিতা। তবুও সে নিশ্চিতভাবে সেরাদের একজন। লামিন একজন কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে।’

ইয়ামালের বয়স এখনো ২০ হয়নি, অথচ আন্তর্জাতিক ফুটবলে তার পারফরম্যান্স ইতোমধ্যে তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সামনের দিনগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে স্পেনের এই তরুণ ফরোয়ার্ডের ক্যারিয়ার আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD