ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার দলে বড় পরিবর্তন, বাদ আসালাঙ্কা

পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কার। হ্যামস্ট্রিং চোটের কারণে দলে নেই অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাও।
বিজ্ঞাপন
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি আসালাঙ্কা। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১, ১১ ও ৭ রান। তাঁর পরিবর্তে দলে ফিরেছেন আভিষ্কা ফার্নান্দো। হাসারাঙ্গার জায়গায় নেওয়া হয়েছে সাহান আরাচ্চিগেকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে দলে থাকলেও পাকিস্তান সফরে যাওয়ার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাথুম নিশাঙ্কাকে। ইংল্যান্ড সফরের পর চোটের কারণে তাঁর ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে।
আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। ২২ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দলটি। এরপর লাহোরে হবে দ্বিতীয় পর্বের ম্যাচ। ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ লিগ ম্যাচ এবং ৩১ অক্টোবর হবে ফাইনাল।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।








