Logo

‘আমি মেসির জার্সিটা নেবই, মায়ের কসম’

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ২১:২২
‘আমি মেসির জার্সিটা নেবই, মায়ের কসম’
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বেনিনের ডিফেন্ডার তিজানি মোহামেদ। ঐতিহাসিক এই ম্যাচকে উৎসব হিসেবে দেখছেন তিনি। তবে সেই উৎসবের সবচেয়ে বড় স্মৃতি হিসেবে মেসির ১০ নম্বর জার্সিটি নিজের করে নিতে চান এই ডিফেন্ডার।

বিজ্ঞাপন

বুধবার বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। আর্জেন্টিনার জার্সিতে এটিই মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে দারুণ খুশি মোহামেদ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে তিনি বলেন, ‘শেষ ম্যাচে এখানে থাকতে পেরে আমরা খুবই খুশি। আসার আগে আমরা শুধু মেসিকেই চিনতাম, যিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আমার জন্য এটি খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়েও মোহামেদের ভাবনা আলাদা। তার কাছে ম্যাচটি উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এই ম্যাচের জন্য প্রস্তুতির কিছু নেই। আমরা শুধু উপভোগ করব। উপভোগ করতে হবে।’

বিজ্ঞাপন

তবে মেসির জার্সি পাওয়ার ক্ষেত্রে কোনো সমঝোতা করতে রাজি নন বেনিনের এই ডিফেন্ডার। সতীর্থদের সঙ্গে জার্সি নেওয়া নিয়ে কোনো সমঝোতা হয়েছে কি না জানতে চাইলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মেসির জার্সি তিনিই নেবেন।

মোহামেদের ভাষায়, ‘আমি জার্সিটা নেবই, মায়ের কসম। আমি তাকে বলব, ‘মেসি, দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে জার্সিটা দাও।’

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যে বুয়েনস এইরেসে পৌঁছেছে বেনিন দল। মনুমেন্টাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD