অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যর্থতার ধারা থেকে বের হতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফোবি লিচফিল্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ১৪৬ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৬৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লিচফিল্ডের ৭৭ রানের দুর্দান্ত ইনিংস জয়ের পথ সহজ করে দেয়। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ওভারেই মেগান শুটের বলে ফোবি লিচফিল্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফারজানা হক। একই বোলারের শিকার হয়ে মাত্র ৪ রান করে বিদায় নেন আরেক ওপেনার শারমিন সুলতানা। দুই ওপেনারের দ্রুত বিদায়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শারমিনের ব্যাট থেকে আসে ২৪ রান। তবে সোবহানা মোস্তারি ও জ্যোতির ধীরগতির ব্যাটিংয়ে রানের গতি বাড়েনি। ১৭ বলে ২ রান করে সোবহানা আউট হলে বাংলাদেশের সংকট আরও বাড়ে।
অধিনায়ক জ্যোতিও বড় ইনিংস খেলতে পারেননি। ৮৬ বল মোকাবিলা করে ২৯ রান করে অ্যাশলি গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ দেন তিনি। তখন বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ৮৩ রান।
জ্যোতির বিদায়ের পর স্বর্ণা আক্তার ও রিতু মনি দলের হাল ধরার চেষ্টা করেন। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ২০ রান। স্বর্ণা ৫০ বলে ২১ রান করে জর্জিয়া ওয়ারহ্যামের বলে এলবিডব্লিউ হন।
বিজ্ঞাপন
শেষ দিকে রিতু মনির ব্যাটিংয়ে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। ৬৩ বলে ৫টি চারের সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। তার ইনিংসেই দেড়শ রানের গণ্ডি পেরিয়ে ১৬৬ রানে পৌঁছায় বাংলাদেশের সংগ্রহ।
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে অস্ট্রেলিয়া। তবে অভিষিক্ত পেসার হাবিবা ইসলামের বাউন্সারে পুল করতে গিয়ে ফাইন লেগে শারমিন আক্তারের হাতে ক্যাচ দিয়ে আউট হন জর্জিয়া ভোল।
এরপর বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন লিচফিল্ড। এলিসা পেরিকে সঙ্গে নিয়ে গড়েন ৮৯ রানের জুটি। মাত্র ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত রাবেয়া খানের বলে রিতু মনির হাতে ক্যাচ দিয়ে থামে তার ইনিংস। ৫৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৭৭ রান করেন লিচফিল্ড।
বিজ্ঞাপন
লিচফিল্ড ফিরলেও অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। পেরি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ দিকে হাবিবা ইসলাম বেথ মুনির উইকেট তুলে নিলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে। শেষ পর্যন্ত ১৪৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।








