Logo

মেসির বিদায়ের ম্যাচ ঘিরে বেনিনের ক্ষোভ, উঠল অপমানের অভিযোগ

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬, ১৭:০৯
মেসির বিদায়ের ম্যাচ ঘিরে বেনিনের ক্ষোভ, উঠল অপমানের অভিযোগ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়কে ঘিরে আর্জেন্টিনার আয়োজনের আড়ালে বেনিনের প্রতি অবহেলা ও অপমানের অভিযোগ উঠেছে। বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে জয়ের পরও আফ্রিকান দলটির খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বেনিন ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ হিসেবে আলোচিত এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয় আসে তার জোড়া অ্যাসিস্ট ও এক গোলের মাধ্যমে। পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ম্যাচ শেষ হওয়ার পর বেনিন দলের জন্য পরিস্থিতি ছিল ভিন্ন বলে অভিযোগ করা হয়েছে।

বেনিনের অভিযোগ, ম্যাচ শেষে তাদের খেলোয়াড়দের আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে জার্সি বিনিময়, ছবি তোলা কিংবা সৌজন্য সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। এমনকি আর্জেন্টিনা দলের করিডোরেও তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

ফরাসি অনুসন্ধানী ক্রীড়া সাংবাদিক রোমাঁ মোলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেছেন। সেখানে তিনি বেনিন দলের জন্য কোনো বোনাস বা ম্যাচ আয়ের অংশ না পাওয়ার পাশাপাশি জার্সি বিনিময় ও ছবি তোলার সুযোগ না দেওয়ার কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মোলিনার পোস্টে বলা হয়েছে, ‘বেনিনের প্রতি আর্জেন্টাইন ফেডারেশন এবং খেলোয়াড়দের সম্মান : নেই কোনো বোনাস, আয় থেকে ফেরত আসেনি এক সেন্টও, জার্সি বিনিময় হয়নি, তোলা হয়নি একটি ছবিও এবং আর্জেন্টিনার করিডোরে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল!’

এর আগে মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে বাণিজ্যিক স্বার্থসংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। মোলিনার মন্তব্যেও সেই প্রসঙ্গ উঠে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, বেনিনকে যেন আয়োজনের অংশীদার না দেখে কেবল প্রদর্শনীর উপকরণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এদিকে বুয়েন্স আয়ার্সে যাতায়াত ও হোটেল ব্যবস্থাপনা নিয়েও এর আগে বেনিন দলের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশের কথা জানা যায়। ম্যাচটি দর্শকে পূর্ণ থাকলেও বেনিন দলকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

ফলে মেসির আন্তর্জাতিক বিদায়ের জাঁকজমকপূর্ণ আয়োজনের পাশাপাশি বেনিন দলের সঙ্গে আচরণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এএফএর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টির পূর্ণ চিত্র আরও স্পষ্ট হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD