Logo

জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন হাতীবান্ধার মেয়েরা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৬, ১৮:৩৮
জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন হাতীবান্ধার মেয়েরা
ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রংপুর ও রাজশাহী অঞ্চলের সমন্বয়ে গঠিত চাঁপা দলের হয়ে খেলা বিদ্যালয়টির মেয়েরা কুমিল্লায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়ে শিরোপা জিতেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে খুলনা ও বরিশাল অঞ্চলের সমন্বয়ে গঠিত গোলাপ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁপা দল।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সমন্বয়ে গঠিত বকুল দলকে পরাজিত করে তারা। বুধবার (৭ অক্টোবর) প্রথম ম্যাচে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পদ্ম দলকে হারিয়ে জয়ের সূচনা করে চাঁপা দল।

বিজয়ী দলের শিক্ষার্থী নুরে মুমতারিন জিন্নাত ও জাকিয়া সুলতানা জিম বলেন, নিয়মিত প্রশিক্ষণ এবং বিদ্যালয়ের শিক্ষক ও কোচের আন্তরিক সহযোগিতায় তারা এই সাফল্য পেয়েছেন। ভবিষ্যতে জাতীয় দল এবং দেশের বাইরের প্রতিযোগিতায় খেলার স্বপ্ন দেখেন তারা।

বিজ্ঞাপন

চাঁপা দলের কোচ ফয়জুন নেছা মনা বলেন, শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে ‘আমাদের মানচিত্র স্পোর্টস ক্লাব’ নামে তাঁর একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা নিজেদের দক্ষতা বাড়িয়েছে।

তিনি বলেন, ‘স্বপ্ন দেখি এই মেয়েরা একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে। কাবাডি ছাড়াও তারা বিভিন্ন খেলায় পারদর্শী। মেয়েরা অধিকাংশ নিম্নবিত্ত পরিবারের, খাবার ও সরঞ্জামে সহযোগিতা পেলে তারা আরও ভালো করবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্যাম্পিং ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দলটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কোচ ফয়জুন নেছা মনা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ সাফল্য এসেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া বলেন, প্রতিযোগিতার খেলাগুলো লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন চাঁপা দলসহ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান তিনি। শনিবার আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ এবং কুমিল্লা শিক্ষা বোর্ড যৌথভাবে প্রতিযোগিতাটি পরিচালনা করে। জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে সারা দেশ থেকে বাছাই করা ৩৬৮ জন প্রতিভাবান শিক্ষার্থী অংশ নেয়।

হাতীবান্ধার মেয়েদের এই জয় শুধু বিদ্যালয়ের জন্য নয়, স্থানীয় পর্যায়ে নারী শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ ও প্রতিভা বিকাশের ক্ষেত্রেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD