বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত

নারী হ্যান্ডবলে স্বাগতিক বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪৩-১৩ গোলে পরাজিত করে দলটি। প্রথমার্ধেই ২৪-৮ গোলে এগিয়ে থেকে জয়ের ভিত গড়ে ভারত। বিরতির পরও একই দাপট ধরে রাখে তারা।
বিজ্ঞাপন
ভারতের হয়ে একাই ১৩ গোল করে ম্যাচসেরা হয়েছেন ভাওয়ানা। এর আগে বাংলাদেশের ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। নিজ দেশের হয়ে খেলতে বাংলাদেশে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই খেলোয়াড়।
ভাওয়ানা বলেন, ‘আমি এখানে তৃতীয়বার এসেছি। এর আগে এখানে দুবার লিগ খেলেছি। এখানে এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুব ভালো। তারা আমাদের সমর্থন করেন। এখানে থাকার ব্যবস্থাও খুব ভালো।’
নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল ভারত। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলটি। শিরোপা জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী ভাওয়ানা। তিনি বলেন, ‘আমাদের দলের সমন্বয় খুব ভালো। আমরা ফাইনালে পদক নিয়েই ফিরব।’
বিজ্ঞাপন
ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের ফাইনালে ওঠার আশা এখনো শেষ হয়ে যায়নি। লিগ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার মালদ্বীপকে হারাতে পারলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হওয়ার সুযোগ থাকবে স্বাগতিকদের সামনে। তাই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
ম্যাচ শেষে বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো দুই দলের প্রস্তুতি ও দক্ষতার পার্থক্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আজকের ম্যাচের ফলাফল মূলত দুটি দেশের মধ্যে। একটি দেশ হলো ভারত, যারা গত এক বছর ধরে অত্যন্ত কঠোর পরিশ্রম করে আসছে। আর অন্যটি হলো বাংলাদেশ, তারাও কঠোর পরিশ্রম করছে, তবে অন্য একটি স্তরে। স্বাভাবিকভাবেই, আমাদের শারীরিক অবস্থা এবং হ্যান্ডবলের দক্ষতা আলাদা, যা মাঠেও দেখা যায়।’
ভারতের কাছে হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয়ই এখন স্বাগতিকদের প্রধান লক্ষ্য।








