Logo

নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬, ১৬:৩০
নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
ছবি: সংগৃহীত

হুথি বিদ্রোহীদের হামলা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের সূচি পিছিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী বছর জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকা প্রতিযোগিতাটি নতুন সূচি অনুযায়ী ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন সূচি কার্যকর করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন প্রয়োজন। এএফসি জানিয়েছে, প্রস্তাবিত তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে।

আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এশিয়ান কাপ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সৌদি আরবকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ, সম্ভাব্য ভ্রমণ বিঘ্নতা ও লজিস্টিক জটিলতার আশঙ্কায় টুর্নামেন্টের সময়সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। দেশটি ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপেরও আয়োজক। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটি রিয়াদে অবস্থিত। শহরটির কিং ফাহদ স্পোর্টস সিটিতে ফাইনালসহ মোট ৫১ ম্যাচের মধ্যে ৩০টি আয়োজনের পরিকল্পনা ছিল।

বিজ্ঞাপন

সংঘাতের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর এসেছে। বিমানবন্দরে ১১ দিনে অন্তত ২০টি হামলায় ১৭ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, ‘এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি এই অঞ্চলে উদ্ভূত বর্তমান ব্যতিক্রমধর্মী পরিস্থিতির কারণে লজিস্টিক জটিলতা ও ভ্রমণ বিঘ্নতার আশঙ্কা মাথায় রেখে জাতীয় দলের এই প্রধান টুর্নামেন্টটির সময়সূচি পুনর্নির্ধারণ করার অনুমোদন দিয়েছে। টুর্নামেন্টের নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমাদের সংস্থার জন্য ও পূর্বনির্ধারিত সূচিতে প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী এক পরিস্থিতি তৈরি হয়েছে। সব অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও অন্য স্টেকহোল্ডারদের স্বার্থে টুর্নামেন্ট স্থগিত করা জরুরি হয়ে পড়েছিল।’

বিজ্ঞাপন

সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়লেও গত মাসে এএফসি সভাপতি শেখ সালমান আশাবাদ ব্যক্ত করেছিলেন, এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী সময়ে নিরাপত্তা পরিস্থিতির কারণে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিল সংস্থাটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD