Logo

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬, ১৭:২৪
পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ছবি : জনবাণী গ্রাফিক্স

ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র এবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে জায়গা পেয়েছেন। প্রথমবারের মতো বয়সভিত্তিক এই দলে ডাক পেয়েছেন ১৬ বছর বয়সী ফরোয়ার্ড। নভেম্বরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে কোচ ফিলিপে রামোস ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পর্তুগালে ‘ক্রিস্তিয়ানিনহো’ নামে পরিচিত রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সাত ম্যাচে তিনটি গোল করেছেন তিনি।

বয়সভিত্তিক ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছেন রোনালদো-পুত্র। ২০২৫ সালের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর দেশটির বিভিন্ন বয়সভিত্তিক দলে ১৩ ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন তিনি।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি গোল করার পর অনূর্ধ্ব-১৬ দলে জায়গা পান ক্রিশ্চিয়ানো জুনিয়র। সেখানে নয় ম্যাচে তাঁর গোলসংখ্যা তিন। এবার অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তরুণ এই ফুটবলার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ছেলের তুলনা হওয়াটা স্বাভাবিক। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের সামর্থ্যে আলাদা অবস্থান গড়ে তোলাই এখন রোনালদো জুনিয়রের বড় চ্যালেঞ্জ। বয়সভিত্তিক ফুটবলে পারফরম্যান্সের মাধ্যমে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তিনি।

আল-নাসরের যুব দল থেকে পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে তাঁর এই অগ্রযাত্রায় নজর রাখছেন ফুটবলপ্রেমীরা। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ফুটবলে বাবা-ছেলেকে একই মাঠে একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়েও সমর্থকদের আগ্রহ রয়েছে।

এদিকে আগামী শুক্রবার পর্তুগালের জাতীয় দলের নতুন স্কোয়াড ঘোষণার কথা রয়েছে। সেখানে আল-নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পান কি না, সেটিও জানার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD