Logo

ঈদের ছুটিতে পর্যটকদের অপেক্ষায় সুন্দরবন

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
১৭ মে, ২০২৬, ১২:৪৪
ঈদের ছুটিতে পর্যটকদের অপেক্ষায় সুন্দরবন
ছবি: সংগৃহীত

টানা দুই বছর পর এবারের ঈদের দীর্ঘ ছুটিতে নতুন রূপে সাজছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। পর্যটন সংশ্লিষ্টদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ। প্রকৃতির অপার সৌন্দর্য, বন্যপ্রাণীর বিচরণ আর রোমাঞ্চকর পরিবেশে ঈদের ছুটিতে সুন্দরবন ভ্রমণে পর্যটকদের ব্যাপক সমাগমের সম্ভাবনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, বানর, কুমির, অজগর সাপ, নানা প্রজাতির পাখি ও মাছের অভয়ারণ্য সুন্দরবন বরাবরই প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণ। বনজুড়ে বানরের চিৎকার, পাখির কলকাকলি, ময়ূরের কেকাধ্বনি, নদীর চরে হরিণের দলবদ্ধ বিচরণ, বনমোরগের ডাক ও কুমিরের রোদ পোহানো পর্যটকদের মুগ্ধ করে।

সুন্দরবনে ঘুরে দেখার জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে শরণখোলার টাইগার পয়েন্ট কটকা, কচিখালী অভয়ারণ্য, করমজল বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্র, কলাগাছিয়া ইকোট্যুরিজম সেন্টার, হিরণপয়েন্টখ্যাত নীলকমল অভয়ারণ্য, দুবলারচর, মানিকখালী, আন্দারমানিক ও দোবেকী এলাকা।

সুন্দরবন ভ্রমণের জন্য সাধারণত একদিন ও তিনদিনের প্যাকেজ চালু রয়েছে। মংলা, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে ট্রলার, জালিবোট ও ট্যুরিস্ট লঞ্চে করমজল, হাড়বাড়িয়া, কলাগাছিয়া ও দোবেকীসহ বিভিন্ন স্পটে ভ্রমণ করা যায়। তিনদিনের ট্যুরিস্ট লঞ্চ প্যাকেজ পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ঈদ উপলক্ষে সুন্দরবনের সব পর্যটন কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি র‌্যাব ও কোস্টগার্ডের টহল জোরদার থাকবে।

করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, পর্যটকদের আকর্ষণ বাড়াতে করমজলে নতুন আরসিসি ফুট ট্রেইল, ঝুলন্ত সেতু, গোলঘর ও তথ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার পর্যটন খাত থেকে দ্বিগুণ রাজস্ব আদায় সম্ভব হবে।

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলা আহ্বায়ক নুর আলম বলেন, ঈদকে কেন্দ্র করে সুন্দরবনের পর্যটন খাতে নতুন প্রাণ ফিরে এসেছে। আগামী দুই বছরের মধ্যেই এই খাত পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলে তারা আশাবাদী।

বিজ্ঞাপন

এদিকে সুন্দরবনের আশপাশে গড়ে উঠেছে বেশ কিছু ইকো রিসোর্ট ও কমিউনিটি ট্যুরিজম কেন্দ্র। খুলনার দাকোপ উপজেলার সুন্দরী ইকো রিসোর্ট, জঙ্গলবাড়ি কটেজ, মোংলার বাদাবন ইকো কটেজ, কয়রার নিশিকুরি রিসোর্ট ও ইরাবতি ইকো রিসোর্টে পর্যটকদের আগ্রহ বাড়ছে।

এসব রিসোর্টে প্রকৃতির সান্নিধ্যে নৌকা ভ্রমণ, দেশীয় ফল উপভোগ, মাছ ধরা, গ্রামীণ পরিবেশ ঘুরে দেখা, সূর্যাস্ত উপভোগ এবং রাতে খোলা আকাশের নিচে বার-বি-কিউ আয়োজন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD