Logo

ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস আজ, গৌরবের ১৪ নভেম্বর

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
১৪ নভেম্বর, ২০২৬, ১৩:১৮
ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস আজ, গৌরবের ১৪ নভেম্বর
ছবি: সংগৃহীত

আজ ১৪ নভেম্বর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তীব্র যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত হয় ভূরুঙ্গামারী। বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের প্রায় এক মাস আগেই শত্রুমুক্ত হওয়া এই জনপদ মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। স্থানীয় ইতিহাস অনুযায়ী, বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা প্রথমবারের মতো দেশের মাটিতে ভূরুঙ্গামারীতেই উত্তোলন করা হয়েছিল।

বিজ্ঞাপন

১৯৭১ সালের ১৩ নভেম্বর রাতে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ অভিযানে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরের পরিকল্পনা অনুযায়ী, ভূরুঙ্গামারীর দক্ষিণ দিক খোলা রেখে পশ্চিম, উত্তর ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণ পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে ভোর হওয়ার আগেই পাকিস্তানি সেনারা ভূরুঙ্গামারী ছেড়ে পালিয়ে যায়। পরে তারা পাশের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় অবস্থান নেয়।

এর আগে ১৩ নভেম্বর থেকেই মিত্রবাহিনীর কামান ও মর্টারের গোলাবর্ষণে কেঁপে ওঠে ভূরুঙ্গামারী। আকাশে চক্কর দিতে থাকে ভারতীয় যুদ্ধবিমান। রাতভর তীব্র লড়াইয়ের পর ১৪ নভেম্বর ভোরে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

সকালে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তারা ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় এবং তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে সমবেত হন। সেখানে সগৌরবে উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্রখচিত লাল-সবুজের জাতীয় পতাকা।

স্থানীয়ভাবে প্রচলিত মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী, ভূরুঙ্গামারী মুক্ত করার অভিযানে পাকিস্তানি বাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ৪০ থেকে ৫০ জন সেনা নিহত হন। এ ছাড়া ৩০ থেকে ৪০ জন পাকিস্তানি সেনাকে আটক করে যৌথ বাহিনী।

মুক্ত ভূরুঙ্গামারীতে প্রবেশের পর মুক্তিযোদ্ধারা দেখতে পান, তৎকালীন সিওর বাসভবন (বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন) এবং ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের বিভিন্ন কক্ষ তালাবদ্ধ। সেসব কক্ষ থেকে কয়েকজন নির্যাতিত নারীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীদের অনেকেই পাঁচ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই উদ্ধার অভিযান একাত্তরে পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতনের ভয়াবহ স্মৃতি বহন করে।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ভূরুঙ্গামারী প্রেস ক্লাব নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভূরুঙ্গামারীর হানাদারমুক্ত হওয়ার এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশপ্রেম ও স্বাধীনতার মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD