ব্রেকআপ হলেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

প্রেম বা কোনো সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া অস্বাভাবিক নয়। এমন পরিস্থিতিতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যতিক্রমী এক ছুটির নীতি চালু করেছে ভারতের ফিনটেক ও সোশ্যাল লার্নিং স্টার্টআপ স্টকগ্রো। কোনো কর্মীর সম্পর্ক ভেঙে গেলে তিনি চাইলে নিতে পারবেন সাত দিনের বেতনসহ ছুটি। প্রতিষ্ঠানটি এ ছুটির নাম দিয়েছে ‘ব্রেকআপ লিভ’।
বিজ্ঞাপন
কর্মক্ষেত্রে সাধারণত নৈমিত্তিক, পরিকল্পিত, অসুস্থতা কিংবা চিকিৎসাজনিত ছুটির প্রচলন রয়েছে। কিছু প্রতিষ্ঠানে নারী কর্মীদের জন্য পিরিয়ডকালীন ছুটির ব্যবস্থাও আছে। তবে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার মতো মানসিক পরিস্থিতির জন্য আলাদা ছুটি দেওয়ার উদ্যোগ তুলনামূলকভাবে বিরল।
স্টকগ্রোর এই নীতির আওতায় কোনো কর্মীর সম্পর্ক ভেঙে গেলে তিনি সাত দিনের বেতনসহ ছুটির সুযোগ পাবেন। এই ছুটি নিতে সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো প্রমাণও জমা দিতে হবে না। তবে ছুটি দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
প্রতিষ্ঠানটির এই উদ্যোগের মূল লক্ষ্য কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করা। কারণ মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় কাজ করলে কর্মীদের মনোযোগ ও কাজের মান দুটিই ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিজ্ঞাপন
স্টকগ্রোর ‘ব্রেকআপ লিভ’ চালুর খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে এমন উদ্যোগের প্রশংসা করে প্রতিষ্ঠানটিতে চাকরির আগ্রহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অন্য প্রতিষ্ঠানগুলোতেও এমন ছুটির ব্যবস্থা কেন নেই।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মজার মন্তব্যও কম হয়নি। কেউ কেউ রসিকতা করে জানতে চেয়েছেন প্রেমিকার বা প্রেমিকের সঙ্গে ‘ব্রেকআপ’ হলে ছুটি মিললেও ম্যানেজারের সঙ্গে ‘ব্রেকআপ’ হলে কি একই সুবিধা পাওয়া যাবে?
ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার মতো বিষয়কে কর্মীদের মানসিক সুস্থতার সঙ্গে যুক্ত করে ছুটির নীতি চালুর উদ্যোগটি তাই কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।
বিজ্ঞাপন







