Logo

লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে দুই বন্ধুর বিশ্ব রেকর্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮
লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে দুই বন্ধুর বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

লেগোর ১১ হাজার ৬৯৫টি ছোট প্লাস্টিকের টুকরা জোড়া দিয়ে পৃথিবীর মানচিত্র তৈরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু। মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ডে বিশাল এই কাজ সম্পন্ন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম লিখিয়েছেন আথেনা লিওং ও সেভি সুইফট।

বিজ্ঞাপন

লেগো হলো বিভিন্ন আকারের প্লাস্টিকের ব্লক, যেগুলো একটির সঙ্গে আরেকটি জুড়ে নানা ধরনের কাঠামো, যানবাহন, প্রাণী বা অবয়ব তৈরি করা যায়। সেই ছোট ছোট ব্লক দিয়েই এবার বিশ্ব মানচিত্র তৈরির অসাধারণ দক্ষতা দেখিয়েছেন দুই বন্ধু।

গত ১২ এপ্রিল ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ড শহরের ‘ব্রিক বাই ব্রিক টয়েজ’ নামের একটি খেলনার দোকানে এই রেকর্ড তৈরির চ্যালেঞ্জে অংশ নেন তারা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারিত সময়সীমা ছিল সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট। তবে নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগেই কাজ শেষ করে ফেলেন আথেনা ও সেভি।

রেকর্ডের প্রস্তুতি অবশ্য একদিনে হয়নি। চূড়ান্ত চ্যালেঞ্জের আগে প্রায় এক মাস ধরে নিয়মিত অনুশীলন করেন তারা। ছোটবেলা থেকেই লেগোর প্রতি আথেনার বিশেষ আগ্রহ ছিল। পরে সেভির সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর দুজনের এই শখ আরও গভীর হয়।

বিজ্ঞাপন

লেগো দিয়ে বিশ্ব মানচিত্র তৈরির রেকর্ড গড়ার ধারণাটিও প্রথম আথেনার মাথায় আসে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে তিনি জানান, শৈশবে লেগো তাঁর কল্পনাশক্তিকে প্রকাশ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। প্রায় এক বছর আগে সেভির সঙ্গে পরিচয়ের পর দুজনেই লেগোর প্রতি সমানভাবে আগ্রহী—এ বিষয়টি তারা জানতে পারেন।

এর আগে এককভাবে দ্রুততম সময়ে লেগো দিয়ে বিশ্ব মানচিত্র তৈরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ক্ল্যারি ফারকাশের দখলে। ২০২৩ সালে তিনি ৭ ঘণ্টা ৯ মিনিট ৪১ সেকেন্ডে কাজটি সম্পন্ন করেছিলেন।

আথেনা ও সেভি এবার দলগতভাবে নতুন রেকর্ড গড়লেও ক্ল্যারি ফারকাশের একক ক্যাটাগরির রেকর্ডটি এখনও অক্ষুণ্ন রয়েছে। ফলে লেগোর বিশ্ব মানচিত্র তৈরিতে একক ও দলীয়—দুই ক্যাটাগরিতেই আলাদা রেকর্ড বহাল আছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD