Logo

ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, শুষ্ক আবহাওয়ার আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ১১:২৭
ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, শুষ্ক আবহাওয়ার আভাস
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস, ফলে রাজধানীতে গরমের অনুভূতিও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার জন্য পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়। সকাল ৭টা থেকে কার্যকর এই পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় আবহাওয়া শুষ্কই থাকার কথা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য বাড়তে পারে, যা গরমের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে,, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, দেশের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD