Logo

দেশের ৪ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ১১:১৪
দেশের ৪ অঞ্চলে সন্ধ্যার মধ্যে  ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে চারটি অঞ্চলের জন্য।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর পুনঃ ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ঢাকা ও আশপাশের এলাকার জন্য আলাদা এক পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

এই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটি আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোথাও বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়নি। ফলে আবহাওয়ায় আপাতত শুষ্কভাব বিরাজ করছে।

বিজ্ঞাপন

এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD