Logo

সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১১:৩১
সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত
ছবি: সংগৃহীত

আজ দুপুরের দিকে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়ার চিত্র ভিন্ন। ঢাকাসহ অন্তত ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে একদিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে তাপদাহ—দুই ধরনের আবহাওয়া একসঙ্গে অনুভূত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। সেজন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ঘটছে।

সংস্থাটির ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, ৩ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রথম দিনে সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

৪ এপ্রিল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

৫ এপ্রিল থেকে ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

৬ এপ্রিল থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

৭ এপ্রিল থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ করে সিলেট অঞ্চলের নদীবন্দরে চলাচলকারী নৌযান চালকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD