Logo

ঢাকায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রিতে, বাড়ছে অস্বস্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১২:০৫
ঢাকায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রিতে, বাড়ছে অস্বস্তি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা-তে গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে অস্বস্তি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী কয়েক ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, তবে এতে তাপমাত্রা কমার সম্ভাবনা কম।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে স্বস্তির কোনো লক্ষণ আপাতত নেই।

বিজ্ঞাপন

সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এই উচ্চ আর্দ্রতার কারণেই গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।

গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলেও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ঢাকা ছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD