রাতের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের আট জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।
বিজ্ঞাপন
এ অবস্থায় ওই আট জেলার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এই সতর্কবার্তায় নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিশেষ করে ছোট নৌযানের চালক ও যাত্রীদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ধরনের আবহাওয়া সাধারণত কালবৈশাখী ঝড়ের আগমনী লক্ষণ হিসেবে দেখা হয়। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়ার এই পরিস্থিতি আজ রাত ১টা পর্যন্ত বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।








